কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের খামখেয়ালী বাজার ও নদীর বাঁধ সংলগ্ন এলাকায় কাঁঠালের বিঁচি সংগ্রহ করে ঢাকা, চট্টগ্রাম, সিলেট সহ দেশের বিভিন্ন শহরাঞ্চলে পাইকারীভাবে বিক্রি করছেন জয়নাল (৪০) নামের এক ব্যবসায়ী। তার সাথে কথা বলে জানা যায়, দীর্ঘ ১২/১৫ বছর যাবৎ তিনি হকারদের মাধ্যমে উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে এই বিঁচিগুলো সংগ্রহ করে থাকেন। হকাররা ৩/৬ টাকা কেজি ধরে ক্রয় করে ১২/১৪ টাকা কেজি ধরে বিক্রি করেন এই মৌসুমী ব্যবসায়ীর কাছে। প্রতিদিন গড়ে প্রায় ৭০/৮০ মণ বিঁচি সংগ্রহ করে চালান করে থাকেন তিনি। এতে তার কেজি প্রতি ৫০/থেকে ৬০ টাকা লাভ হয়ে থাকে বলে তিনি জানান এ প্রতিবেদককে। উপজেলায় এ ব্যবসা করে থাকেন মাত্র দুইজন ব্যবসায়ী। তারা আড়ৎদারদের কাছে চড়া মূল্যে বিক্রি করে কয়েক লক্ষ টাকা লাভ করে থাকেন। বছরে ৩/৪ মাস ধরেই চলে জয়নাল মিয়ার এই কাঁঠালের বিঁচি সংগ্রহ করে পাইকারী চালানের ব্যবসা। এ ব্যবসা করে তিনি অনেক লাভবান বলে জানান।
জানা যায় কটিয়াদী উপজেলার চর অঞ্চল কাঁঠাল চাষের জন্য বিখ্যাত। এমন কোনো বাড়ি নেই যেখানে ৭/৮ টি কাঁঠাল গাছ নেই। রাস্তার দুধারে সাড়ি সাড়ি করে লাগানো আছে জাতীয় ফল কাঁঠাল গাছ।
এছাড়া পার্শ্ববর্তী নরসিংদী জেলার মনোহরদী, চালাকচর সহ বিভিন্ন এলাকা থেকেও হকারদের মাধ্যমে এই বিঁচিগুলো সংগ্রহ করা হয়। এ ব্যবসার সাথে জড়িত থেকে মৌসুমী কর্মসংস্থান সৃষ্টি হয়ে থাকে প্রায় শতাধিক লোকের।










