করোনা সংক্রমণের মধ্যে হেলিকপ্টারে চড়ে বিয়ে করে বউ এনে জনসমাগমের দায়ে বর পক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা গুণতে হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনদীপ ঘরাই সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের দক্ষিণ ভাসানচর নতুন হাট গ্রামের জাহাঙ্গীর সরদারের ছেলে বিয়ের বর সাগর আহমেদ সরদারকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। জানা যায়, সোমবার দুপুরে দক্ষিণ ভাসানচর নতুন হাট গ্রামের জাহাঙ্গীর সরদারের ছেলে সাগর আহমেদ সরদারের (২৫) সঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর এলাকার হাজি আলী করিম খন্দকারের মেয়ে কাউনান খন্দকার বন্যার (২৩) বিয়ে হয়। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে কনেকে হেলিকপ্টারে শরীয়তপুরের দক্ষিণ ভাসানচর নতুন হাট নিয়ে আসেন। হেলিকপ্টারটি ওই গ্রামের একটি সড়কে অবতরণ করে। পরে সেখান থেকে পালকিতে করে কনেকে বর সাগর আহমেদ সরদারের বাড়িতে নিয়ে যাওয়া হয়। এসময় অন্তত সহস্রাধিক মানুষের সমাগম হয়। স্বাস্থ্য বিধি বা তাদের অধিকাংশ লোকের মুখেই মাস্ক ছিল না। এ অবস্থায় করোনা সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা দেখা দেয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মনদীপ ঘরাই সাগর আহমেদ সরদারের বাড়িতে পৌঁছান। পরে স্বাস্থ্যবিধি লঙ্ঘন করার অপরাধে বর সাগর আহমেদ সরদারকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। এ বিষয়ে ইউএনও মনদীপ ঘরাই বলেন, ‘মহামারি করোনাভাইরাস সংক্রমণের মধ্যে স্বাস্থ্যবিধি না মেনে হেলিকপ্টারে করে বউ এনে এলাকায় লোক সমাগম করে স্বাস্থ্যবিধি লঙ্ঘন করেছেন সাগর সরদার, যা করোনা পরিস্থিতিতে দÐনীয় অপরাধ। তাই ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কেউ যদি স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ










