সাতক্ষীরায় চিকিৎসার ব্যয় জোগাড় করতে না পেরে গলায় দড়ি দিয়ে করোনা আক্রান্ত এক রোগী আত্মহত্যা করেছেন। গতকাল ভোরে তার লাশ উদ্ধার করা হয়। ঘটনাটি ঘটেছে সাতক্ষীরার কলারোয়া উপজেলার ইলিশপুর গ্রামে। নিহত আজগার আলী (৬০) ইলিশপুর গ্রামের জালাল উদ্দীনের ছেলে। আত্মহত্যার আগে তিনি চিঠিতে সব উল্লেখ করে যান।
কলারোয়া উপজেলার কেরালকাতা ইউপি চেয়ারম্যান গোলাম মোরশেদ জানান, গত ১৪ দিন ধরে বাড়িতে চিকিৎসাধীন ছিলেন করোনা পজেটিভ আসা আজগর আলী। গতকাল ভোরে তিনি বাড়ির পাশের একটি আম গাছের ডালে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন।
কলারোয়া থানার এসআই রেজাউল ইসলাম জানান, আজগার আলী আত্মহত্যার আগে একটি চিঠি লিখে গেছেন। চিঠিটি আমরা উদ্ধার করেছি। চিঠিতে তিনি বলেছেন, করোনা রোগীর চিকিৎসার জন্য প্রচুর টাকা খরচ হচ্ছে।
খরচের টাকা তিনি সামলা দিতে পারছেন না। এ জন্য তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর খাইরুল কবীর জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ










