নোয়াখালী সাইন্স এন্ড কমার্স কলেজের ন্যায্য স্থাপনা ক্ষতিপূরণের পাওনা তেত্রিশ লক্ষ টাকা উত্তোলন করে নিয়ে গেছে ভূমি মালিক পক্ষ। এই অভিযোগ করেছেন কলেজ অধ্যক্ষ ড. মোঃ আফতাব উদ্দিন।
কলেজ কর্তৃপক্ষ জানিয়েছেন, নোয়াখালী সাইন্স এন্ড কমার্স কলেজ উত্তর সোনাপুর ১২৩নং তাজমাহতাব পুর মৌজার ২১,২১/১ খতিয়ানের মালিক জনৈক আহছানুল কবির রাশেদ গং এর কাছ থেকে ৪০ শতক জমি ১০ বছরের জন্য ভাড়া নিয়ে, ২০১৫ সালে, নোয়াখালী সাইন্স এন্ড কমার্স কলেজ কর্তৃপক্ষ ৮০ লক্ষাধিক টাকা ব্যয় করে সকল স্থাপনাদি নির্মাণ করে কলেজ স্থাপন করে। এ বিষয়ে দু’পক্ষের মধ্যে স্বাক্ষরিত চুক্তিনামা ও সালিশনামা রয়েছে।
নোয়াখালী সাইন্স এন্ড কমার্স কলেজ কর্তৃপক্ষ স্থাপনার ক্ষতিপূরণের জন্য জেলা প্রশাসকের বরাবরে আবেদন করলে জানতে পারেন যে, ভূমির মালিকপক্ষ স্থাপনা নিজেরা নির্মাণ করেছেন ঘোষনা দিয়ে ইতিমধ্যে ভূমি মালিক ৩ ভাই এর নামে প্রতারনার মাধ্যমে ৩টি চেকে কলেজ স্থাপনার ক্ষতিপূরণের ৩৩ লক্ষ টাকা উত্তোলন করে নিয়েছে।
কলেজের ন্যায্য পাওনা বুঝিয়ে দেয়ার জন্য কলেজ কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসকের কার্যালয় হতে যথাযথ ব্যবস্থা গ্রহনের উদ্যোগ নেয়া হচ্ছে মর্মে বিশ্বস্তসূত্র জানিয়েছে।
বিষয়টি নিয়ে স্থানীয় জনসাধারণ এবং কলেজের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। নাগরিক সমাজ কলেজের পক্ষে অবস্থান নেয়ার ঘোষনা দিয়েছে, এবং মালিকপক্ষের এহেন নীতিহীন, গর্হিত প্রতারনার বিরুদ্ধে তীব্র নিন্দা প্রকাশ করছে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















