করোনা সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে সারা দেশের মত মাগুরাতেও তৎপর রয়েছে জেলা প্রশাসন। গতকাল শনিবার লকডাউনের ২য় দিনে সকাল থেকে শহরের ঢাকা রোড, ভায়না মোড়, নতুন বাজার,চৌরঙ্গী মোড়, এলাকাসহ জেলার চার উপজেলার বিভিন্ন এলাকায় চেকপোষ্ট বসিয়েছে প্রশাসন। আরোপিত বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি মেনে চলতে সকলকে অনুরোধ জানাচ্ছে আইন শৃংঙ্খলা রক্ষাকারি বাহিনীর সদস্যরা। এছাড়া স্বেচ্ছাসেবী সংগঠন রোভার স্কাউট ও রেডক্রিসেন্ট সদস্যরাও আইনশৃংঙ্খলা রক্ষাকারি বাহিনীকে এ কাজে সহযোগিতা করছে। বন্ধ রয়েছে শহরের সকল মার্কেট,শপিং মল,দোকানপাট,সরকারি-বেসরকারি অফিস । শহরে কিছু সংখ্যক রিকসা চলতে দেখা গেলেও অন্যান্য যানবহন চলেনি । সকাল ৯ টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত খোলা ছিল নিত্যপণ্যের দোকান । সাধারণ মানুষের চলাচল ছিল শহরে খুবই কম । করোনা প্রতিরোধে শহরে অব্যাহত ছিল প্রশাসনের মাইকিং ।
জেলা প্রশাসক ড. আশরাফুল আলম জানান, শুক্রবার থেকে আগামী ৫ আগস্ট পর্যন্ত মন্ত্রী পরিষদ বিভাগের নির্দেশনা মোতাবেক কঠোর লকডাউন বাস্তবায়নে মাঠ পর্যায়ে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে। পাশাপশি করোনা জনসচেতনতা বাড়াতে ব্যাপক জেলা তথ্য অফিসের মাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে জেলাসহ বিভিন্ন উপজেলায়। লকডাউন বাস্তবায়নে পুলিশের পাশাপাশি আনসার, রেডক্রিসেন্টসহ অন্যান্য স্বেচ্ছাসেবক টিম কাজ করছে। তাছাড়া শহরে সেনাবাহিনী ও বিজিবি সদস্যদের টহল জোরদার রয়েছে ।
বিজনেস বাংলাদেশ/বিএইচ






















