পাকিস্তান ক্রিকেট দলের টিম ম্যানেজমেন্টে পরিবর্তনের আভাস ছিল আগেই। হেড কোচ মিসবাহ-উল-হকের বদলি খুঁজে বেড়াচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বোলিং কোচ ওয়াকার ইউনিসের পারফরম্যান্স নিয়েও সন্তুষ্টি ছিল না বোর্ডের। বিকল্প খোঁজা হচ্ছিল তাঁরও। এর মধ্যেই আজ পরিবারকে আরও বেশি সময় দেওয়ার কথা বলে পদত্যাগ করেছেন দুজনই।
২০১৯ বিশ্বকাপের পর এ দুজনকে পাকিস্তান ক্রিকেট দলে নিয়োগ দেওয়া হয়। মিসবাহর ভূমিকাটা ছিল একই সঙ্গে প্রধান নির্বাচক ও হেড কোচের। ব্যাপারটি নিয়ে বেশ বিতর্কও তৈরি হয়। একজন একই সঙ্গে কীভাবে জাতীয় দলের প্রধান নির্বাচক ও হেড কোচ হতে পারেন, বিতর্কটা ছিল সেটি নিয়েই। প্রথমে আত্মবিশ্বাসী থাকলেও মিসবাহ পরে প্রধান নির্বাচকের পদটা ছেড়ে দিতে বাধ্যই হন। দুজনেরই চুক্তির আরও এক বছর বাকি ছিল।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ করে তারা দুজনই সোমবার পদত্যাগ করেন। পদত্যাগপত্রে মিসবাহ লেখেন, ‘জ্যামাইকার কোয়ারেন্টিনে থেকে আমি আমার ২৪ মাসের সময়টা বিশ্লেষণ করার সুযোগ পেয়েছি। আগামী কয়েক মাস আন্তর্জাতিক ক্রিকেটের যে সূচি, তাতে বুঝতে পারছি, আমাকে একটা বড় সময় পরিবারের বাইরে জৈব সুরক্ষিত পরিবেশে কাটাতে হবে। আমি পাকিস্তান দলের হেড কোচের পদ থেকে সে কারণেই পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি।’


























