নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে অপহরণের ৭ ঘণ্টা পর অপহৃত জাফনাথ সাঈদা জবাকে ঢাকার মহাখালী থেকে উদ্ধার করেছে পুলিশ। রোববার রাত দেড়টায় তাকে উদ্ধার করেছে সোনারগাঁও থানা পুলিশ। এসময় অপহরণকারী কাজের মেয়ে শারমিনকে গ্রেফতার করা হয়। উপজেলার মোগরাপাড়া বাজার এলাকায় তাদের ভাড়া বাসা থেকে শিশু জবাকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় রাতে অপহৃত শিশু জবার বাবা জহিরুল ইসলাম বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি মামলা করেন। সোমবার সকালে অপহরণকারী শারমিনকে নারায়ণগঞ্জ আদালতে পাঠিয়েছে পুলিশ।
জানা গেছে, নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজে জবার মা উম্মে সালমা কর্মরত রয়েছেন। বাবা জহিরুল ইসলাম নারায়ণগঞ্জ আদালতের আইনজীবী। দু’জনেই কর্মজীবী হওয়ার কারণে জবাকে দেখাশোনার জন্য ২৫-২৬ দিন আগে লালমনিরহাট থেকে শারমিন নামের এক কাজের মেয়েকে মোগরাপাড়ার ভাড়া বাসায় নিয়ে আসেন। রোববার বিকাল সাড়ে ৩টার দিকে কাজের মেয়ে শারমিন কৌশলে জবাকে অপহরণ করে বাড়ি থেকে নিয়ে পালিয়ে যায়। জবাকে দীর্ঘসময় দেখতে না পেয়ে বিষয়টি জবার মায়ের সন্দেহ হয়। তিনি বাসার আশপাশে জবাকে খুঁজে না পেয়ে তার স্বামীকে বিষয়টি জানান। পরে তারা জবাকে খোঁজাখুঁজি শুরু করেন। না পেয়ে পরে বিষয়টি তারা সোনারগাঁও থানা পুলিশকে জানান। ঘটনার পর অপহরণকারীর শারমিনের মাকে রূপগঞ্জের তারাবো বিশ্বরোড এলাকা থেকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তার মায়ের দেয়া তথ্যের ভিত্তিতে তেজগাঁও সাততলা বস্তি এলাকায় উদ্ধার অভিযান পরিচালনা করে। সেখানে না পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে মহাখালী ফ্লাইওভার এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারী শারমিনকে গ্রেফতার করা হয়। এসময় অপহৃত শিশু জবাকেও উদ্ধার করা হয়।
সোনারগাঁ থানার ওসি (তদন্ত) এস এম শফিকুল ইসলাম জানান, অপহৃত শিশুকে ৭ ঘণ্টা চেষ্টার পর উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দেয়া হয়েছে। অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।




















