দিনাজপুরের বিরামপুর সড়ক দুর্ঘটনায় বেগম (৪৫) নামে এক মানসিক প্রতিবন্ধী নারী নিহত হয়েছেন। থানা পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করেছে।
নিহত বেগম দিনাজপুর জেলার বিরামপুর পৌরসভার জোয়াল কামড়া গ্রামের তাইজুল ইসলামের স্ত্রী।
৩০ সেপ্টোম্বর রাত দেড়টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিজুল-জোয়াল কামড়া এলাকার রাস্তার ওপর থেকে ঐ মানসিক প্রতিবন্ধী নারীর মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের প্রতিবেশী আতিকুল জানান, নিহত বেগম বুধবার রাতে খাবার খেয়ে পরিবারের লোকদের সঙ্গে ঘুমিয়ে পড়েন। পরে রাতে কোনো এক সময় বাড়ি থেকে বের হয়ে রাস্তায় চলে যান। সেখানেই দুর্ঘটনায় তিনি মারা যান। বেগম দীর্ঘদিন থেকে বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। এছাড়াও তিনি মানসিক প্রতিবন্ধী ছিলেন।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত বেগমের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং পরে তার পরিবারের কাছে দেওয়া হয়েছে।























