ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় রোকসানা বেগম (৫৫) নামে এক গৃহবধূকে হত্যা করার ঘটনা ঘটেছে। স্ত্রীকে হত্যার পর স্বামী হাবিবুর রহমান (৫৮) থানায় গিয়ে নিজেই আত্মসমর্পণ করে দায় স্বীকার করেছেন।
বুধবার (৬ অক্টোবর) রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের নাড়াদিঘী গ্রামে এ ঘটনা ঘটেছে।
পুলিশ জানায়, পারিবারিক কলহে বেশ কিছুদিন ধরেই হাবিবুর ও তার স্ত্রীর ঝগড়া চলে আসছিলো। বুধবার ভোরে রোকসানা ঘুমিয়েছিলেন। সে সময় একটি লোহার রড দিয়ে মাথায় স্বজরে আঘাত করলে রোকসানা ঘটনাস্থলেই মারা যান। পরে থানায় গিয়ে স্বামী হাবিবুর নিজেই ঘটনার সব বিবরণ দেন।
রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ জাহিদ ইকবাল বলেন, হত্যার ঘটনাটি হাবিবুর নিজেই স্বীকার করেছেন। মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।




















