চলতি মৌসুমে মণিরামপুরে আমন ধানের খেতে কারেন্ট পোকার আক্রমণ দেখা দিয়েছে। অন্যবারের তুলনায় এবার বেশ আগেভাগে এ পোকার আক্রমণ শুরু হয়েছে। উপজেলার সব এলাকায় এ পোকার আক্রমণ দেখা যাচ্ছে। হঠাৎ পোকার আক্রমণে দিশেহারা হয়ে পড়েছেন চাষিরা। বিভিন্ন বালাইনাশক ব্যবহার করেও তাদের প্রতিকার মিলছে না। অনেক চাষি আবার আতঙ্কগ্রস্ত হয়ে আগাম বালাইনাশক ছিটাচ্ছেন। কৃষকরা বলছেন, প্রতিবছরই আমন খেতে কারেন্ট পোকার আক্রমণ লাগে। বিশেষ করে ধানের শীষ সম্পূর্ণ বেরিয়ে ঝুল দিলে এ পোকার আক্রমণ দেখা দেয়। কিন্তু এবার শীষ বের হওয়ার আগেই এ পোকার আক্রমণ শুরু হয়েছে। যা অন্যবারের তুলনায় অনেক বেশি। ফলে কৃষক বুঝে ওঠার আগেই কারেন্ট পোকার আক্রমণে খেত শেষ হয়ে যাচ্ছে। চাষিরা জানান, কারেন্ট পোকা ধানে লাগলে খেত নষ্ট হতে মাত্র দুই রাত সময় লাগে। এরমধ্য যদি ব্যবস্থা না নেওয়া যায় তাহলে ধান বাঁচানো সম্ভাব হয়না। কারেন্ট পোকা মূলত ধান গাছের গোড়ায় আক্রমণ করে পচন ধরিয়ে দেয়। এরপর রস চুষে নিয়ে গাছ কালছে করে ফেলে। তখন শুকিয়ে ধানগাছ লুটিয়ে পড়ে। অনেকসময় এ পোকার আক্রমণে ধানগাছের পাতা লালছে হয়ে যায়। রাতে ঠান্ডা দিনে ভ্যাপসা গরম, মেঘাচ্ছন্ন আকাশ এবং খেতে হালকা পানি কারেন্ট পোকার আক্রমণের অনুকুল পরিবেশ বলে জানিয়েছেন উপসহকারী কৃষি কর্মকর্তা বিল্লাল হোসেন। কৃষকদের অভিযোগ, এমন সংকট মুহূর্তে তাঁরা কৃষি অফিসের পরামর্শ পাননা। কীটনাশক দোকানিদের পরামর্শে নানা ব্যবস্থা নিয়ে তাঁরা কাঙ্খিত ফল পাননা। ফলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাঁরা। বৃহস্পতিবার সরেজমিন এসব অভিযোগ করেন কৃষকরা। তবে উপজেলা কৃষি কর্মকর্তার দাবি, কারেন্ট পোকার আক্রমণ প্রকটভাবে দেখা দিলেও তা এখনো মারাত্মক ক্ষতির পর্যায়ে যায়নি। কৃষকদের ক্ষতির হাত থেকে বাঁচাতে তাঁরা তৎপর রয়েছেন। মণিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা আবুল হাসান বলেন, আবহাওয়াজনিত কারণে এবার কারেন্ট পোকার আক্রমণ ব্যাপকহার দেখা দিয়েছে। সেটা যেন ক্ষতির পর্যায়ে না যায় সেই ব্যাপারে আমরা কাজ করছি। কৃষকদের নানা ভাবে পরামর্শ দিচ্ছি। আমাদের মাঠ পর্যায়ের কর্মকর্তারা কাজ করছেন। চাষিদের যে কোন প্রয়োজনে কৃষি কর্মকর্তাদের সাথে যোগাযোগের পরামর্শ দিয়েছেন তিনি
১০:৩৭ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬
সংবাদ শিরোনাম :
আমনে কারেন্ট পোকার আক্রমণ, দিশেহারা কৃষক
-
মণিরামপুর প্রতিনিধি - প্রকাশিত : ০৮:৩০:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১
- 126
ট্যাগ :
জনপ্রিয়




















