সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব দেবাশীষ চৌধুরী মিঠুসহ হিন্দু ধর্মের কয়েকজনকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার রাত পৌনে বারটার দিকে ধর্মপাশা কলেজ রোডের বাসিন্দা অজয় সিংহ স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের পক্ষে থানায় হাবলু মিয়া নামের এক ব্যক্তিকে অভিযুক্ত করে লিখিত অভিযোগ করেছেন। হাবলু উপজেলার সদর ইউনিয়নের ধর্মপাশা গ্রামের উত্তরপাড়ার মৃত মক্রম আলীর ছেলে।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে আগামী শনিবার দেশব্যাপী হিন্দু-বৌদ্ধ-খৃস্টান ঐক্য পরিষদের গণঅনশন ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হবে। ওই কর্মসূচি সফল করার জন্য সোমবার সন্ধ্যার পর স্থানীয় হিন্দু ধর্মের লোকজন থানা রোডস্থ শ্রী শ্রী রাধাগোবীন্দ্র মন্দিরে এক প্রস্তুতি সভার আয়োজন করে। সভা শেষে রাত ৮টার দিকে দেবাশীষ চৌধুরী মিঠুসহ কয়েকজন মধ্যবাজারের দিকে গেলে হাবলু তাদের পেয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এ সময় তাদেরকে অনুষ্ঠিতব্য গণঅনশন ও অবস্থান কর্মসূচি পালন না করে শনিবারের আগে দেশ ত্যাগ করার হুমকিসহ প্রাণনাশের হুমকি দেয়। বিষয়টি স্থানীয়ভাবে জানাজানি হলে রাতেই সনাতন ধর্মের লোকজন বাজারে জড়ো হয়। পরে রাত পৌনে বারাটার দিকে স্থানীয় হিন্দুদের পক্ষে হাবলুর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন অজয় সিংহ।
ধর্মপাশা থানার ওসি মো. খালেদ চৌধুরী বলেন, ‘এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি। হাবলু মাতাল অবস্থায় ছিল কি না তা তদন্ত করে দেখা হচ্ছে।’
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















