একাদশে ফিরেই ফিফটি হাঁকালেন মোহাম্মদ নাঈম শেখ। ওমানের বিপক্ষে ম্যাচে ৪৩ বলে অর্ধশতক পূর্ণ করেন বাংলাদেশের এ বাঁহাতি ওপেনার। এতে তিনটি করে চার ছয় হাঁকান নাঈম। আগের ম্যাচে নাঈমের বদলে একাদশে জায়গা পেয়েছিলেন সৌম্য সরকার। রান পেয়েছেন সাকিব আল হাসানও। তবে ব্যক্তিগত ৪২ রানে রানআউটে কাটা পড়ে সাকিবের উইকেট। ১৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১১২/৪।
৯ বলের ব্যবধানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। নাঈম-সাকিবের তৃতীয় উইকেট জুটিতে শুরুর ধাক্কা সামলেছে টাইগাররা।
এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৬৩ রান (১০ ওভারে)। নাঈম ৩২ ও সাকিব আল হাসান অপরাজিত ২২ রানে।
শুরুতেই লিটন দাস ফেরায় তিনে ব্যাট করতে নামেন শেখ মেহেদি। স্কটল্যান্ডের বিপক্ষে শেষ দিকে নেমে ব্যাট হাতে ঝড় তুলেছিলেন তিনি। আগের ম্যাচের ফর্ম টেনে আনতে পারেননি এই তরুণ অলরাউন্ডডার। ফিরেছেন রানের খাতা খোলার আগেই। ওমান পেসার ফায়াজ বাটের দারুণ ক্যাচে পরিণত হন মেহেদি (৪ বলে ০)। নিজের বলেই ক্যাচ নেন ফায়াজ।
জীবন পেয়েও সুযোগটা কাজে লাগাতে পারেননি লিটন দাস।। এলবিডব্লিউয়ের শিকার হয়ে ফেরেন বাংলাদেশ ওপেনার (৭ বলে ৬ রান)। আগের ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষেও ব্যর্থ হয়েছেন লিটন (৭ বলে ৫ রান)।
স্কটল্যান্ডের কাছে হেরে খাদের কিনারায় বাংলাদেশ দল। স্বাগতিক ওমানের বিপক্ষে জয়ের বিকল্প নেই সাকিব-মাহমুদুল্লাহদের। বাঁচা-মরার লড়াইয়ে টসে জিতে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। একাদশে একটি পরিবর্তন বাংলাদেশের। সৌম্য সরকারের পরিবর্তে খেলছেন নাঈম শেখ।
বাংলাদেশ একাদশ
লিটন দাস, নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, নুরুল হাসান, শেখ মেহেদি, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন, তাসকিন আহমেদ।
বিজনেস বাংলাদেশ/বিএইচ


























