সুপার টুয়েলভে নিউজিল্যান্ডের শেষ ম্যাচে প্রতিপক্ষ আফগানিস্তান। এখন এ ম্যাচটা জিতলেই সেমিফাইনালে উঠবে কেইন উইলিয়ামসনের দল। আজ শারজায় নামিবিয়ার বিপক্ষে ৫২ রানের জয়ে সেমিতে ওঠার সমীকরণ আরেকটু সরল করে ফেলল নিউজিল্যান্ড।
স্কটল্যান্ডকে হারিয়ে আশা জাগানো নামিবিয়া আজ নিউজিল্যান্ডের পরীক্ষা নিতে পারে—এমন আশা ছিল অনেকের। কিন্তু মাঠের খেলায় নামিবিয়াকে পাত্তা দেয়নি নিউজিল্যান্ড।
আগে ব্যাটিং করে ৪ উইকেটে ১৬৩ রান তোলার পর নামিবিয়াকে ৭ উইকেটে ১১১ রানে আটকে দেন কিউই বোলাররা। এ জয়ে ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে নিজেদের গ্রুপে দ্বিতীয়স্থানে উঠে এল নিউজিল্যান্ড।
রোববার নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। ৪ ম্যাচে ৮ পয়েন্ট পাওয়া পাকিস্তান সেমিফাইনাল নিশ্চিত করেছে আগেই। এই গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে সেমিতে ওঠার লড়াই চলছে এখন। নিউজিল্যান্ড সে লড়াইয়ে এগিয়ে রইল বেশ খানিকটা পথ। ৪ ম্যাচে ৪ পয়েন্ট পাওয়া আফগানিস্তান আছে টেবিলের তিনে।

























