ক্রিকেট বিশ্বে এমন দৃশ্য এর আগে আর কখনো দেখা গেছে কি না সন্দেহ। বোলার যে ব্যাটসম্যানের উইকেট নিলেন, আনন্দের আতিশয্যে সেই ব্যাটসম্যানকেই জড়িয়ে ধরলেন এবং খুশিতে তার ঘাড়েই লাফিয়ে উঠলেন- এমনটা কখনো দেখা যায়নি।
কিন্তু আজ এমন বিরল দৃশ্যের স্বাক্ষী থাকলো আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম। অস্ট্রেলিয়ান ব্যাটার মিচেল মার্শের উইকেট নিয়ে তার সঙ্গে এমনই হাশি-তামাশায় মেতে উঠেছিলেন ক্রিস গেইল।
জয় থেকে মাত্র এক রান দুরে থাকতে বোলার ক্রিস গেইলের স্লো বলকে ড্রাইভ করতে গিয়ে মিড অফে দাঁড়ানো জেসন হোল্ডারের হাতে ক্যাচ দেন মার্শ। ক্রিস গেইলেরও আন্তর্জাতিক ক্রিকেটে এটা ছিল একেবারে শেষ ম্যাচ। বিদায় বেলায় এমন অপ্রত্যাশিত একটি উইকেট পেয়ে যাবেন, গেইল হয়তো তা ভাবতেও পারেননি।
৩২ বলে ৫৩ রান করা মিচেল মার্শ যখন জয়ের শটটি খেলবেন ভাবছিলেন, তখনই ক্যাচটি উঠে যায়। গেইলও আচমকা এমন একটি উইকেট পেয়ে তার উদযাপনের ভঙ্গিটা পুরোপুরি পাল্টে দেন।
সতীর্থদের সঙ্গে উইকেটের উদযাপন না করে বরং, যিনি উইকেট দিলেন, সেই ব্যাটার মিচেল মার্শের সঙ্গেই খুনসুটিতে মেতে ওঠেন গেইল। তাকে জড়িয়ে ধরেন, তার ঘাড়ে লাফিয়ে ওঠেন। মিচেল মার্শও হেসে গেইলের এমন ছেলেমানুষির জবাব দেন।

কিন্তু টি-টোয়েন্টির ইউনিভার্স বসকে আর আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যাবে না। নিঃসন্দেহে বিশ্ব ক্রিকেট তাকে মিস করবে। আজ রবিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপ ম্যাচটাই ছিল তার ক্যারিয়ারের শেষ ম্যাচ। এর মাধ্যমেই তার ১৮ বছরের বর্ণিল ক্যারিয়ার শেষ হচ্ছে।

























