জুটি গড়তে গড়তে জুটি বেঁধেই আউট মাহমুদউল্লাহ-নাজমুল। এ দুজনকে ৫ বলের মধ্যে হারিয়ে বাংলাদেশ আবার পড়ে গেছে বিপাকে।
পাওয়ার প্লে-র শেষ ওভারে বোলিং করেছিলেন হারিস রউফ। এরপর টানা ৭ ওভার স্পিনের পর আবার পেস বোলিং নিয়ে এসেছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম, নিয়ে এসেছেন সেই রউফকেই। বদলটাতে সাফল্য এল সঙ্গে সঙ্গেই। থার্ডম্যানে ঠেলে দিতে চেয়েছিলেন মাহমুদউল্লাহ, কিন্তু দ্বিধায় পড়ে গিয়েছিলেন শট খেলতে গিয়ে। বল তাঁর ব্যাটে লেগে গেল উইকেটকিপারের হাতে। ১৫ বলে ১২ রান করে ফিরেছেন বাংলাদেশ অধিনায়ক।
অলস শটে আউট নাজমুল
প্রথম দুই বলে গুগলি দেওয়ার চেষ্টা করেছিলেন শাদাব। প্রথম বলে নাজমুল খেলতে পারেননি ঠিকভাবে, বুঝতেই দেরি হয়েছে। পরের বল হলো ওয়াইড। কিন্তু পরের বল শাদাব করলেন পায়ের ওপর। লেগ সাইডে ঠেলতে চেয়েছিলেন নাজমুল, কিন্তু অলস শটই হলো। বল গেল বোলারের দিকে, ঝাঁপিয়ে পড়ে দারুণ ক্যাচে নাজমুলকে ফেরালেন শাদাব। ৩৪ বলে ৫ চারে ৪০ রান করেছেন নাজমুল।

























