সারা দেশের মতো রবিবার তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নওগাঁর মান্দা উপজেলায় ১৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে ৩টিতে আওয়ামী লীগ ও ৪টিতে আওয়ামীলীগের বিদ্রোহী ও ৭টিতে স্বতন্ত্র প্রার্থীরা বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।
ভোটের আগের সহিংসতা ও উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করলেও ভোটের দিনের চিত্র ছিল একেবারেই উল্টো। কেন্দ্রগুলোতে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিকেলে পুরুষ ভোটাররা দীর্ঘ সারিতে দাঁড়িয়ে ভোট দিয়েছেন। শীতের সকাল উপেক্ষা করে সকাল ৮টা থেকেই ভোটাররা ভোট কেন্দ্রে এসে লাইন ধরে ভোট দিয়েছেন।
উপজেলার মান্দা ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বাঁকী ১৩টি ইউনিয়নে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়। উপজেলার ১৪টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯৩ জন, সাধারণ সদস্য পদে ৫৪৩ জন এবং সংরক্ষিত সদস্য পদে ১৭৩ জন প্রার্থী প্রতিদ্বদ্বতা করেন। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।
বিজয়ী হলেন যারা: বৃহত্তর মান্দা উপজেলার ভাঁরশো ইউপির মোস্তাফিজুর রহমান সুমন (নৌকা), ভালাইন ইউপির বিদ্রোহী প্রার্থী গোলাম মোফস্তা মন্ডল (ঘোড়া), পরানপুর ইউপির মাহফুজুর রহমান উজ্জল (নৌকা), মান্দা সদর ইউপির স্বতন্ত্র প্রার্থী তোফাজ্জল হোসেন (চশমা), গনেশপুর ইউপির স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম চৌধুরী বাবুল (আনারস), মৈনম ইউপির আ’লীগ বিদ্রোহী প্রার্থী আনিছুর রহমান (মটরসাইকেল), প্রসাদপুর ইউপির স্বতন্ত্র প্রার্থী আঃ মতিন (ঘোড়া), কুসম্বা ইউপির স্বতন্ত্র প্রার্থী নওফেল আলী মন্ডল (মটরসাইকেল), তেঁতুলিয়া ইউপির স্বতন্ত্র প্রার্থী মোকলেছুর রহমান কামরুল (চশমা), নুরুল্লাবাদ ইউপির স্বতন্ত্র প্রার্থী ইয়াছিন আলী (চশমা), কালিকাপুর ইউপির বিদ্রোহী প্রার্থী আশরাফুল ইসলাম বাবু (মটরসাইকেল), কাঁশোপাড়া ইউপির বিদ্রোহী প্রার্থী মোঃ আঃ ছালাম (আনারস), কশব ইউপির ফজলুর রহমান (নৌকা), বিষ্ণপুর ইউপির স্বতন্ত্র প্রার্থী এস.এম. গোলাম আজম (আনারস) নির্বাচিত হয়েছেন।




















