মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় অপহরণের ২৪ ঘন্টাপর শিশু উদ্ধারসহ এক তরুণী গ্রেফতার। আজ শনিবার বিকেলে প্রেসব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেছে পুলিশ। বৃহস্পতিবার ২ ডিসেম্বর দুপুরে রাজনগর উপজেলার উত্তরভাগের
কেশরপাড়া গ্রামে অপহরণের ঘটনাটি ঘটে।
রাজনগর উপজেলার ওমান প্রবাসী জুবেল আহমদের (২৬) সাথে বিয়ের কথাবার্তা চলছিল ওসমানীনগর থানার পশ্চিম রুকনপুর গ্রামের রোয়েনা আক্তার রিয়ার (২১)। আলাপ-আলোচনায় সমঝোতা না হওয়ায় বিয়ের বিষয়টি থেমে যায়। ওই যুবককে বিয়ে করতে পাত্রী পরিচিত কয়েকজনের সহযোগিতায় পাত্রের ২২ মাস বয়সী ভাতিজাকে অপহরণ করান। মূলহোতা হিসেবে ওই তরুনীকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে ওমান প্রবাসী ছোট ভাইয়ের বন্ধু পরিচয় দিয়ে উপজেলার কেশরপাড়া গ্রামের জাবেদ আহমদের বাড়িতে যায় দুই যুবক। এসময় চা-নাস্তা খাওয়ার পর জাবেদ আহমদের ২২ মাস বয়সী শিশু সাইফকে নিয়ে রিচার্জ কার্ড কেনার কথা বলে বের হয় তারা। পরে তাদের ব্যবহৃত প্রাইভেট কারে শিশুটিকে নিয়ে তারা পালিয়ে যায়। ৪-৫ ঘন্টা পর শিশুটির দাদীর ফোনে কল করে জানানো হয় তাকে ফিরে পেতে হলে জুবেল আহমদের সাথে যে মেয়ের বিয়ের কথাবার্তা চলছে তার সাথে বিয়ে করাতে হবে। বিষয়টি জাবেদ আহমদ থানায় অভিযোগ করলে রাজনগর থানার এসআই মো. নূর উদ্দিনের নেতৃত্বে প্রযুক্তির সহায়তায় অবস্থান নিশ্চিত হয়ে শুক্রবার বিকেলে সিলেটের ওসমানীনগর থানার তাজপুর বাজারের কদমতলী এলাকায় অভিযান চালিয়ে শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে পুলিশ। এসময় ওসমানীনগর থানার পশ্চিম রুকনপুর এলাকার মৃত কনাই মিয়ার মেয়ে রোয়েনা আক্তার রিয়াকে (২১) গ্রেফতার করে। এঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে রাজনগর থানায় মামলা হয়েছে।
শনিবার বিকেলে প্রেসব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জিয়াউর রহমান। তিনি বলেন, শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দেয়া হয়েছে। অপহরণের মূল পরিকল্পনাকারীকে গ্রেফতার করা হয়েছে। বাকী আসামীদেরও গ্রেফাতর করতে অভিযান অব্যাহত আছে।
প্রেসব্রিফিংয়ে উপস্থিত ছিলেন রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম, ওসি (তদন্ত) মো. ফরিদ উদ্দিন, এসআই মো. নূর উদ্দিন।


























