মহান স্বাধীনতার ৫০ বছরকে স্মরণীয় করে রাখতে বিজয় দিবসে ৫০ হাজার জাতীয় পতাকা প্রদর্শন করবে জেলা প্রশাসন চাঁপাইনবাবগঞ্জ। সেইসাথে জেলার প্রত্যেক উপজেলার ৫ হাজার জাতীয় পতাকা প্রদর্শন করা হবে। মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের পর পরই এ জাতীয় পতাকা একসাথে ৫০ সেকেন্ড প্রদর্শন করা হবে।
সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় এ তথ্য জানান জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজ। প্রদর্শনের পর যেন জাতীয় পতাকার কোন অবমাননা না হয় সেদিকে দায়িত্বশীলদের সজাগ থাকার নির্দেশনা দেন জেলা প্রশাসক। ব্যতয় ঘটলে কঠোর শাস্তির হুশিয়ারি দেন জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজ।
আয়োজিত প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহম্মদ মাহবুব আলম খান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন ও এ্যাড. আব্দুস সামাদ, পৌর মেয়র মোহম্মদ নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাকিউল ইসলাম, এডিএম দেবেন্দ্রনাথ উরাঁও, জেলা এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোঃ মোজাহার আলী প্রাং, ভোলাহাট উপজেলা চেয়ারম্যান রাব্বুল হোসেন, নাচোল উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদেরসহ জেলার সকল সরকারি দপ্তরের প্রধানগণ, বীর মুক্তিযোদ্ধাগণ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।
মহান বিজয় দিবস উদযাপনে আইন শৃঙ্খলাসহ সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার মোহম্মদ মাহবুব আলম খান। বিজয় দিবসের পতাকা প্রদর্শন অনুষ্ঠানে সকল সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-ছাত্র/ছাত্রীদের উপস্থিত থাকার নির্দেশক্রমে অনুরোধ জানান জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজ।























