নরসিংদী সদর উপজেলার মাধবদী থানাধীন মহিষাশুড়া ইউনিয়ন এর খিলগাঁও গ্রামের মিশুক চালক শিশু অন্তর (১৩)কে হত্যা করে অটোরিকশা ছিনতাই চক্রের মূলহোতা সহ ৫জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আজ ৬ ডিসেম্বর সকাল ১১টায় নরসিংদী পুলিশ সুপার কার্যালয় হল রুমে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান নরসিংদী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোঃ সাহেব আলী পাঠান। এসময় তিনি আরো বলেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম এর নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাহেদ আহমেদ এর তত্বাবধানে নরসিংদী জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ আবুল বাসার পিপিএম সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় নারায়ণগঞ্জ জেলার কাচঁপুর এলাকা হতে আসামী আল আমিন (৩৬), বকুল মিয়া (৪৫), অহিদুল ইসলাম মাতাব্বর(সবুজ২৫), ছগির(৩১), সাজ্জাদ (শাহাদত ৩২) কে আটক করা হয়।
আটককৃতদের প্রাথমিক জিজ্ঞেসাবাদে তারা জানায়, দীর্ঘদিন যাবত নরসিংদী জেলা সহ দেশের বিভিন্ন জায়গায় ছিনতাই করে আসছে। তারা সকলেই আন্তঃজেলা অটো ছিনতাই চক্রের সক্রিয় সদস্য। আটককৃত বকুলের বিরুদ্ধে শিবপুর মডেল থানা ও মাধবদী থানায় ৩টি মামলা রয়েছে। সাজ্জাত (শাহাদত) এর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা রয়েছে। আটককৃতরা আরো জানায় যাত্রী সেজে অটোরিকশায় উঠে বালাপুর রোডে নির্ঝন স্থানে অন্তরকে অচেতন করে মাথায় লোহার রড দিয়ে আঘাত করে হাত বেধে পানিতে ফেলে দেয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো উপস্থিত ছিলেন- মাধবদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সৈয়দুজ্জামান সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।























