আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত মেয়র প্রার্থী ও বর্তমান সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, আওয়ামীলীগ অনেক বড় দল তাই এরমধ্যে নেতৃত্বের প্রতিযোগিতা থাকতে পারে। কিন্তু আমাদের শেষ ঠিকানা দলীয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা। শেখ হাসিনাকে হারিয়ে আমরা যেন দিশেহারা না হয়ে যাই। একসাথে নৌকায় উঠি, নৌকাকে জিতিয়ে আনি। গত বুধবার বিকেলে মহানগরীর দুই নম্বর রেলগেইটে জেলা আওয়ামীলীগের কার্যালয়ে এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এই অভিযোগ তোলেন তিনি। এই সময় নৌকার মনোনয়ন পাওয়ায় ফুলের নৌকা দিয়ে তাকে শুভেচ্ছা জানায় জেলা আওয়ামী লীগের নেতারা।
তিনি অভিযোগ তুলে বলেন, আওয়ামীলীগের সভানেত্রী নারায়ণগঞ্জে নৌকা দিয়েছেন। সেই নৌকা নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে।
তিনি আরও বলেন, নেত্রী মনোনয়ন দিয়েছেন। গতবারও আপনারা আমার পক্ষে ছিলেন। এইবারও আমাকে সমর্থন দিয়ে নেত্রীর পক্ষে কাজ করছেন। যারা এই সুযোগটা নিতে পারলো না, আমি মনে করি তারা দলের প্রতি আস্থা প্রকাশ করলেন না। নারায়ণগঞ্জে ইউপি নির্বাচনে নৌকাকে দাবিয়ে রেখে লাঙ্গলকে জেতানো হয়েছে। জেলা আওয়ামীলীগের পদধারী হয়ে, আওয়ামীলীগের মনোনীত সংসদ সদস্য হয়েও লাঙ্গলকে পাস করাচ্ছে। মধ্যরাতে আওয়ামীলীগের প্রার্থী কাজিম উদ্দিনকে নাটকীয়ভাবে পরাজিত করানো হয়েছে। সেখানে লাঙ্গলকে বিজয়ী ঘোষণা দেওয়া হয়েছে। অতীতেও নৌকার ব্যালট বাক্স ছিনতাই করা হয়েছে। পুরোনো কথা বলতে চাই না।
তিনি বলেন, আওয়ামীলীগের সভানেত্রী নারায়ণগঞ্জে নৌকা দিয়েছেন। সেই নৌকা নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে, দাঙ্গা-হাঙ্গামার কথা হচ্ছে। নারায়ণগঞ্জকে অস্থির করার প্রক্রিয়া চলছে। প্রার্থী খোঁজা হচ্ছে। হেফাজত থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রার্থী দিয়ে কীভাবে নির্বাচনকে বানচাল করা যায় সেই চেষ্টা করা হচ্ছে। আমাদের মনোবল ভেঙে দেওয়ার জন্য, অস্থির করার জন্য এইসব করা হচ্ছে। তাদের বলবো, দয়া করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা চিন্তা করে দেখুন। উনি যেই প্রার্থী দিয়েছেন তার বিরোধীতা করবেন নাকি নিজেদের অস্তিত্ব বজায় রাখার চিন্তা করবেন। বেশি বাড়াবাড়ি ভালো না। একজন প্রতিমন্ত্রীর অবস্থা কি হয়েছে তা আপনারা দেখেছেন। এই ধরনের ন্যাক্কারজনক কোনো ঘটনা ঘটুক তা আমি চাই না।
আইভী বলেন, দলের প্রতি সবসময় আস্থাশীল ছিলাম, আমৃত্যু থাকবো। অনেক চেষ্টা করেছেন জামাত-বিএনপি বানানোর জন্য। আলী আহাম্মদ চুনকাকে নিয়ে অডিও ক্যাসেটও বের করেছিলেন। আমরা যে দল করি সেই দলের জন্য অত্যন্ত নিবেদিত প্রাণ। আমার বাবা শেষ মুহুর্ত পর্যন্ত এই দলের জন্য নিবেদিত ছিলেন। আমৃত্যু যেন এই দলে থাকতে পারি সেই কামনাই করি। সকলের সহযোগিতা চাই। সকলের সাথে আমি কথা বলেছি। আপনাদের সহযোগিতায় নৌকার বিজয় চাই।
জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাইয়ের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, সাবেক সংসদ সদস্য এড. হোসনে আরা বাবলী, আওয়ামীলীগের জাতীয় পরিষদের সদস্য আনিসুর রহমান দিপু, তারাব পৌরসভার মেয়র হাছিনা গাজী, আড়াইহাজার পৌরসভার মেয়র সুন্দর আলী, রূপগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি নীলা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাদির, আদিনাথ বসু, আসাদুজ্জামান, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান প্রমুখ।
বিজনেস বাংলাদেশ/বিএইচ
১০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জকে অস্থির করার প্রক্রিয়া চলছে: মেয়র আইভী
-
নারায়ণগঞ্জ প্রতিনিধি : - প্রকাশিত : ০৬:৩৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১
- 69
ট্যাগ :
জনপ্রিয়























