গাজীপুরে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস। দেশের শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করলো বিভিন্ন অঙ্গ সংগঠন ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান। মঙ্গলবার সকালে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ। পরে গাজীপুর মহানগর আওয়ামীলীগ আয়োজিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিবসটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। উপাচার্য অধ্যাপক ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়ার নেতৃত্বে একটি শোক র্যালী ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করে। পুষ্পার্ঘ শেষে বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরে বিশেষ আলোচনায় সভায় উপাচার্য অধ্যাপক ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া ও বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক তোফায়েল আহমেদ বক্তব্য রাখেন।
উপাচার্য বলেন, স্বাধীনতার চূড়ান্ত বিজয়ের পূর্ব মুহুর্তে অত্যন্ত পরিকল্পিতভাবে জাতির অগ্রযাত্রাকে বাধাগ্রস্থ করতে তালিকা করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের এইদিনে নৃশংসভাবে হত্যা করা হয়। শহীদ বুদ্ধিজীবী পরিবারকে উপযুক্ত সম্মান ও মর্যাদা প্রদান এবং ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। দিবসটির সকল কর্মসূচিতে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।
বিজনেস বাংলাদেশ/বিএইচ























