ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন ইটভাটা শ্রমিক মৃত্যু হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুজন। শুক্রবার (১৭ ডিসেম্বর) ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের বৈশামুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের জন মিয়ার ছেলে জাহাঙ্গীর মিয়া (৩৫), শান্ত মিয়ার ছেলে মাহফুজ মিয়া (৩২) ও মৃত আক্কাস আলীর ছেলে আমজাদ (৩০)। এ ঘটনায় খেঁজুর মিয়া (৪৫) ও কামাল মিয়া (৪০) নামে আহত দুইজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতরা সবাই ইটভাটার শ্রমিক।
প্রত্যক্ষদর্শীরা জানান,সকালে একটি সিএনজি যোগে ইটভাটা শ্রমিকরা শাহবাজপুর থেকে চান্দুরা যাচ্ছিল। এসময় সিলেট থেকে ছেড়ে আসা একটি ট্রাক মহাসড়কের সরাইলের বৈশামুড়া এলাকায় পৌঁছে সিএনজিটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
এ দিকে খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।
খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ শাহজালাল আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত সবাই ইটভাটার শ্রমিক। তাদের বাড়ি সরাইল উপজেলার শাহবাজপুরে। এ ঘটনায় সিএনজি ও ট্রাকটিকে আটক করা গেলেও তাদের চালক পালিয়ে গেছেন। নিহতদের পরিবারের অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে বলও জানান তিনি।
বিজনেস বাংলাদেশ/বিএইচ























