হবিগঞ্জ শহরে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে ব্যাপক ভাংচুর ও অগ্নি সংযোগের ঘটনা ঘটে।
বুধবার (২২ ডিসেম্বর) দুপুরে শহরের শায়েস্তানগরে জেলা বিএনপির কার্যালয়ের পাশে পুলিশের ওপর বিএনপি নেতাকর্মীদের অতর্কিত হামলার জেরে এ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
পুলিশ জানায়, জেলা বিএনপির কার্যালয়ের সামনে দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে সমাবেশ করা হয়। সেই সমাবেশে বিভিন্ন উপজেলা থেকে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা জড়ো হন। আচমকা সমাবেশের পাশে শৃঙ্খলা রক্ষায় দাঁড়িয়ে থাকা পুলিশের ওপর অতর্কিত হামলা করে বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ছুড়তে বাধ্য হয় পুলিশ। এতে বিএনপি নেতা কর্মীরা শহরে ব্যাপক ভাংচুর ও অগ্নি সংযোগ করে।
হবিগঞ্জ সদর থানার ওসি মো. মাসুক আলী জানান, বিএনপির নেতাকর্মীরা হঠাৎ করে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এতে পুলিশ ও বিএনপি নেতা কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করেছে। দীর্ঘক্ষন পর পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।
বিজনেস বাংলাদেশ/ এ আর

























