পূর্ব সুন্দরবন বিভাগের চাইপাই রেঞ্চের আওতাধীন বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার জিউধরা ষ্টেশন সন্নিকটে বৃহস্পতিবার ভোরে সুন্দরবনের চোরাকারবারীদের হামলায় ৩ বনরক্ষী আহত হয়েছে। চোরাকারবারীরা বনরক্ষীদের ব্যবহ্নত একটি চাইনিজ রাইফেল ভাংচুর করে ৬ রাউন্ড গুলি ছিনিয়ে নেয়ায় ঘটনা ঘটেছে। আহত বনরক্ষী মাসুদ রানা (২২), শান্ত শেখ (২৩) ও জাহিদুর রহমানকে পার্শ্ববর্তী মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জিউধরা ষ্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, হরিণ শিকার করে গোস্ত সংরক্ষণ করে রেখেছে এমন সংবাদের ভিত্তিতে ভোর ৫ টার দিকে তার নেতৃত্বে কয়েকজন বনরক্ষী অভিযানে নামে। এসময় হরিণ শিকারীরা তাদের অবস্থান টের পেয়ে জিউধরা ইউনিয়নের দেলোয়ার হাওলাদারের ছেলে মুন্না (২৭) দৌঁড়ে পালানোর চেষ্টা করলে বনরক্ষীরা তাকে তাড়া করে। এখবর পেয়ে মুন্নার সহযোগীরা বনরক্ষীদের উপর হামলা চালায়। তাদের হামলায় ৩ বনরক্ষী আহত হয়। চোরাকারবারীরা তাদের একটি রাইফেল ভাংচুর করে। গুলি ছিনিয়ে নেয়।
পূর্ব সুন্দরবন বিভাগের সহকারী বন সংরক্ষণ কর্মকর্তা এনামুল হক ঘটনায় স্বীকার করে বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
বিজনেস বাংলাদেশ/ এ আর

























