ময়মনসিংহের ভালুকা উপজেলায় দুই ট্রাকের সংঘর্ষে মো. কাজল মিয়া (১৮) নামে এক গাড়ির হেলপার নিহত হয়েছেন।
শনিবার (২৫ ডিসেম্বর) ভোরে ভালুকা উপজেলার মেহেরাবাড়ি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।
নিহত কাজল ময়মনসিংহের নান্দাইল উপজেলার মুসল্লী গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার আল মামুন জানান, ভোর ৫টায় ভালুকা মেহেরাবাড়ি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দুটি বালুবাহী ট্রাকের সংঘর্ষ হয়। এতে বালুবাহী গাড়িতে থাকা একজন আটকে যায়। পরে আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে দুইটি ইউনিট নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের ভেতরে আটকে থাকা একজনকে মৃত অবস্থায় উদ্ধার করে ভালুকা হাইওয়ে থানার এএসআই লিটন মিয়ার কাছে হস্তান্তর করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভালুকা হাইওয়ে পুলিশের পরিদর্শক মশিউর রহমান বলেন, ঢাকাগামী দুটি ট্রাক মেহেরাবাড়ি আসলে এ সময় হঠাৎ করে একটি বালুর ট্রাক আরেকটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে পেছনের গাড়িতে থাকা কাজল নামে এক হেলপার মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলে মারা যান।
বিজনেস বাংলাদেশ/বিএইচ





















