নতুন বছরের শুরুটা দারুণ হলো নাজমুল হোসেন শান্তর। ২০২২ সালে বাংলাদেশের প্রথম ফিফটি করলেন এ বাঁহাতি ব্যাটার। নিউজিল্যান্ডের বাঁহাতি স্পিনার রাচিন রবীন্দ্রকে বিশাল এক ছক্কা হাঁকিয়ে ব্যক্তিগত পঞ্চাশ ছুঁয়েছেন তিন নম্বরে নামা শান্ত।
একই পথে হাঁটলেন তরুণ ডানহাতি ওপেনার মাহমুদুল হাসান জয়। জয়ের প্রথম ফিফটি বয়সভিত্তিক ক্রিকেটেই দেখা গেছে, তুলনামূলক দ্রুতগতির বাউন্সি উইকেটে খেলতে বেশি স্বাচ্ছ্যন্দবোধ করেন মাহমুদুল হাসান জয়। যার প্রমাণ তিনি দিলেন আন্তর্জাতিক মঞ্চে এসেও। নিউজিল্যান্ডের কঠিন কন্ডিশনে খেলতে নেমে ক্যারিয়ারের তৃতীয় ইনিংসেই ফিফটি করে ফেলেছেন তিনি।
পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে ধীরগতির উইকেটে জয়ের অভিষেকটা ছিল ম্যাড়ম্যাড়ে, হতাশাজনক। যেখানে দুই ইনিংস মিলে করতে পেরেছিলেন মাত্র ৬ রান। ঠিক এক ম্যাচ পর নিউজিল্যান্ড সফরে গিয়ে ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টের তৃতীয় ইনিংসে সাবলীল ব্যাটিংয়ে অর্ধশতক করেছেন তিনি।
একই ইনিংসে জয়ের আগে নতুন বছরে বাংলাদেশের প্রথম ফিফটি তুলে নিয়েছেন তিন নম্বরে নামা বাঁহাতি ব্যাটার নাজমুল হোসেন শান্তও। ইনিংসের ৫১তম ওভারের দ্বিতীয় বলে দৃষ্টিনন্দন এক স্লগ সুইপে বিশাল ছক্কা হাঁকিয়ে নতুন বছরে বাংলাদেশের প্রথম হাফসেঞ্চুরিয়ান হয়ে যান শান্ত। পঞ্চাশে পৌঁছতে ৯০ বল খেলেন শান্ত। যেখানে ছিল ৬টি চার ও একটি ছয়ের মার। এটি তার ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট ফিফটি। এছাড়া রয়েছে আরও দুইটি সেঞ্চুরি।
নিজেদের প্রথম ইনিংসে ৩২৮ রানে অলআউট হয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। আগেরদিন করা ২৫৮ রানের সঙ্গে আজ ৭০ রান যোগ করতেই বাকি ৫ উইকেট হারিয়েছে তারা।
বিজনেস বাংলাদেশ/ এ আর


























