আসন্ন ৪র্থ ধাপ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার জামতৈল ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ৩ বারের নির্বাচিত ইউপি সদস্য অল্প কিছু ভোটের ব্যবধানে হেরে গেলেও আনন্দের বন্যা যাচ্ছে সাবেক মেম্বার রবিউলের বাড়িতে।
জানা যায়, রবিউল আউয়াল ৪৪ বছর বয়সে এসে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে চলতি এসএসসি পরীক্ষায় জিপিএ ৪.৬৮ পেয়ে উত্তীর্ণ হয়েছে। শিক্ষার কোন বয়স নেই, একমাত্র শিক্ষাই মানুষের পরিবর্তনের প্রধান হাতিয়ার। আর এই চিন্তা ধারা থেকেই , সাবেক ইউপি মেম্বার রবিউল তা বাস্তবায়ন করেছেন। সাবেক ইউপি মেম্বার পাশ করায় এলাকায় আনন্দের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জেলার কামারখন্দ উপজেলার নান্দিনামধু গ্রামের ৩ বারের নির্বাচিত ওই ইউপি মেম্বার কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে শহীদুল বুলবুল কারিগরি স্কুল অ্যান্ড কলেজে ২০২১ সালে এসএসসি পরীক্ষায় অংশ নেন। এ পরীক্ষায় তিনি জিপিএ ৪.৬৮ পেয়ে উত্তীর্ণ হন। অবশ্য তিনি এবার জামতৈল ইউপি’র নির্বাচনে সামান্য ভোটে হেরে গেলেও ২৯ বছর পর এসএসসি পাশ করায় তিনি আনন্দিত হন।
এর আগে ১৯৯২ সালে তিনি রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নেন। এ পরীক্ষায় তিনি অন্যসব বিষয়ে লেটার মাকর্স পেলেও গণিতে অকৃতকার্য হন। এ কারণে তিনি আর পরীক্ষায় অংশগ্রহণ করেননি। পরবর্তীতে তিনি এলাকায় ইউপি নির্বাচন করে একটানা ৩ বার মেম্বার নির্বাচিত হন।
রবিউল আওয়াল রবি বলেন, উক্ত উপজেলার জামতৈল ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি মেম্বার থাকা অবস্থায় গত ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত ৪র্থ ধাপের ইউপি নির্বাচনে (ফুটবল প্রতীক) সামান্য কয়েক ভোটে পরাজিত হই। এ নির্বাচনের ৪ দিন পর এসএসসি পরীক্ষার রেজাল্টে পাশের আনন্দ নির্বাচনে পরাজয়ের কষ্টকে দুর করে দিয়েছে।
তিনি আরও বলেন, লেখাপড়ার কোন বয়স নেই এমন সত্য প্রবাদ মনে পড়ে এবং আবার তিনি এসএসসি পরীক্ষায় অংশ গ্রহনের সিদ্ধান্ত নেন। স্কুলে ভর্তি হয়ে পরীক্ষায় অংশ নেই। আমার স্ত্রী রিতা (৩৩) গৃহিনী, মেয়ে উম্মে রুবাইয়া স্থানীয় হাই স্কুলের এসএসসি পরিক্ষার্থী ও ছেলে হোসাইন আহম্মেদ ৬ষ্ঠ শ্রেণির ছাত্র। এছাড়া আমি ৭ ভাই-বোনের মধ্যে সবার ছোট। ২ ভাই সরকারি চাকরি করে এবং অন্য এক ভাই কৃষি কাজ ও অন্য ভাই স্থানীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছে। আমি কলেজে ভর্তি হয়ে এইচএসসি ও বিএ পাশ করবো বলে যথেষ্ট আশা রয়েছে। এ বিষয়ে ওই শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ আতিকুর রহমান এসব তথ্য স্বীকার করে বলেন, লেখাপড়ার কোন বয়স নেই। এজন্য ৪৪ বছর বয়সে ওই সাবেক ইউপি মেম্বার এসএসসি পাশ করায় আমরা আনন্দিত। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ছাকমান আলী বলেন, যদিও লেখাপড়ার কোন বয়স নেই। এরপরেও আগ্রহ না থাকলে কোন কাজেই সফলতা অর্জন হয় না। ওই ছাত্রকে ধন্যবাদ জানিয়ে তার পড়াশোনা চালিয়ে যাওয়ার বিষয়ে তিনি স্বাগত জানান।
বিজনেস বাংলাদেশ/ এ আর





















