ভারত থেকে বিস্ফোরক নিয়ে আসা ট্রাকে লিনগালা রাজামাল্লাহ-ইহ (৪৩) নামে এক ভারতীয় নাগরিকের লাশ মিলেছে। ওই ব্যক্তি ট্রাকটির চালকের সহকারী।
সোমবার (১৭ জানুয়ারি) সকালে যশোরের বেনাপোল বন্দরের ৩১ নম্বর শেডে রক্ষিত একটি বিস্ফোরক বোঝাই ট্রাক থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে পোর্ট থানা পুলিশ।
এ ঘটনায় ট্রাকচালক গুরুগু পোচায়াকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
বেনাপোল বন্দরের উপ-পরিচালক মামুন কবির তরফদার জানান, ভারত থেকে ১১টি ট্রাকে করে গত ১৫ জানুয়ারি বিস্ফোরক আমদানি করা হয়। তার মধ্যে বিস্ফোরকবাহী ট্রাকের একজন হেলপার অজ্ঞাত কারণে ট্রাকের মধ্যে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
লাশ ময়নাতদন্তের জন্য যশোর মর্গে পাঠানোর প্রস্তুতি হিসেবে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নাভারণ সার্কেলের এএসপি জুয়েল ইমরান, বন্দরের উপ-পরিচালক আব্দুল জলিল ও মামুন কবির তরফদার, বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন কবির তরফদার।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















