নারায়ণগঞ্জের রূপগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগ কার্যালয়ে যুবদলের নেতাকর্মীরা হামলা চালিয়ে ব্যপক ভাংচুর ও লুটপাট চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। অপর দিকে, যুবদলের নেতাকর্মীদের দাবি, ছাত্রলীগ নিজের কার্যালয় ভাংচুর চালিয়ে ফাঁসানোর জন্য এ ঘটনা ঘটিয়েছে। উল্টো যুবদল নেতার বাড়িতে হামলা চালিয়েছে ছাত্রলীগ নেতাকর্মীরা। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার তারাব পৌরসভার মোগরাকুল বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
উপজেলা ছাত্রলীগের যুগ্ন সাধারন সম্পাদক সাদ্দাম হোসেন তপু জানান, তাদের ছাত্রলীগ কার্যালয়টি দিঘীবরাব বাজার এলাকায় অবস্থিত। বেশ কয়েক দিন আগে দলীয় আধিপত্যর বিষয়াদি নিয়ে তারাব পৌরসভার ৯নং ওয়ার্ড যুবদল সভাপতি রমজান সাউদের ছোট ভাই আফজাল হোসেনের সঙ্গে স্থানীয় ছাত্রলীগ কর্মী হালিম ও জাকিরের বাকবিতন্ডা হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে আফজাল হোসেনসহ তার লোকজন ছাত্রলীগ কর্মী হালিম ও জাকিরকে চর থাপ্পর মারে। এরপর তারাব পৌরসভার ৯নং ওয়ার্ড যুবদল সভাপতি রমজান সাউদ ও তার ছোট ভাই আফজাল হোসেনসহ তাদের লোকজন অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে ছাত্রলীগ কার্যালয়ে হামলা চালিয়ে ব্যপক ভাংচুর করে। এসময় হামলাকারীরা কার্যালয়ে থাকা চেয়ারটেবিল, সাউন্ড বক্স, টেলিভিশন ভাংচুর করে। সেই সাথে কয়েকটি ছবিও ভাংচুর করা হয়। খবর পেয়ে ছাত্রলীগ নেতাকর্মীরা আসার আগেই হামলাকারীরা পালিয়ে যায়।
অপর দিকে তারাব পৌরসভার ৯নং ওয়ার্ড যুবদল সভাপতি রমজান সাউদ বলেন, আমাদের বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ন মিথ্যা ও বানোয়াট। আমাদের ফাঁসানোর জন্যই ছাত্রলীগ নিজেরা এ ঘটনা ঘটিয়েছে। উল্টো আমার বাড়িতে ছাত্রলীগ অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তদন্ত মোতাবেক দোষিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















