২০ রানে ৪ উইকেট পড়ে যাওয়ার পর যখন ধুঁকছিল আফগানরা, তখন তাদের জন্য স্বস্তি নিয়ে আসেন মোহাম্মদ নবি এবং নজিবুল্লাহ জাদরান। এ দু’জনের ব্যাটে গড়ে ওঠে ৩৭ রানের জুটি। এই জুটি যখন বাংলাদেশের জন্য ভয়ঙ্কর হয়ে উঠছে, তখনই সেটা ভাঙার দায়িত্ব নিলেন সাকিব আল হাসান।
শুধু জুটি ভাঙাই নয়, পরপর দুই উইকেট নিয়ে বাংলাদেশকে খেলায় ধরে রাখলেন সাকিব। রিভিউ নিয়ে একবার বেঁচে যাওয়া মোহাম্মদ নবিকে এবার আফিফ হোসেনের হাতে ক্যাচ দিতে বাধ্য করেন সাকিব। ১৯ বলে ১৬ রান করে ফিরে যানে আফগান অধিনায়ক।
পরের ওভারেই আবার আঘাত হানলেন সাকিব। এবারও উইকেটে প্রায় সেট হয়ে যাওয়া নজিবুল্লাহ জাদরানকে ফেরালেন তিনি। ২৬ বলে ২৭ রান করে সাকিবের বলে ছক্কা মারতে গিয়ে স্কয়ার লেগে মুনিম শাহরিয়ারের হাতে ধরা পড়েন নজিবুল্লাহ।
১৫৬ রানের লক্ষ্য। টি-টোয়েন্টিতে আফগানদের কাছে কিছুটা সহজ লক্ষ্যই বটে। তারওপর দলটির হাতে রয়েছেন রহমানুল্লাহ গুরবাজের মত ভয়ঙ্কর ওপেনার। যার ব্যাটে অসাধারণ সেঞ্চুরিতে শেষ ওয়ানডে ম্যাচে বাংলাদেশকে হারিয়েছে আফগানিস্তান।
বিজনেস বাংলাদেশ/ এ আর
























