ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে রাতে মাঠে নামছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। ফরাসি জায়ান্টদের এবারের প্রতিপক্ষ নিস। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত ২টায়। এই ম্যাচেও দেখা যাবে মেসি, নেইমার, এমবাপ্পেকে।
২৬ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে লিগ ওয়ানের পয়েন্ট তালিকার শীর্ষে আছে পিএসজি। অন্যদিকে সমান ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে নিস রয়েছে তিন নম্বরে। ইনজুরি থেকে সেরে উঠতে পারেননি রিয়াল মাদ্রিদ থেকে পিএসজিতে আসা সার্জিও রামোস। তাই এই ম্যাচেও স্কোয়াডের বাইরে থাকবেন তিনি। লিগে পিএসজির সর্বশেষ ম্যাচটি খেলেননি মার্কো ভেরাত্তি। আজ শুরুর একাদশেই দেখা যেতে পারে এই ইতালীয় তারকাকে।
নিসের বিপক্ষে ম্যাচের পরই রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় লেগ খেলবে পিএসজি। তবে নিসের বিপক্ষে ম্যাচের আগে রিয়াল মাদ্রিদকে নিয়ে ভাবতে চান না পিএসজি কোচ মরিসিয়ো পচেত্তিনো। তিনি বলেন, ‘নিসের বিপক্ষে ম্যাচের আগে রিয়ালকে নিয়ে ভাবাটা হবে ভুল। আগামীকালের (শনিবার দিবাগত রাত) ম্যাচে নিজের সেরাটা দেওয়ার মধ্য দিয়ে চ্যাম্পিয়নস লিগের প্রস্তুতি সারতে চাই। ’
বিজনেস বাংলাদেশ/ এ আর
























