নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর ওয়াপদা ইউনিয়নের চর আমিনুল হক গ্রামের সোনাপুর- চেয়ারম্যানঘাট সড়কের সুলতাননগর এলাকায় গরু চুরি করে পিকআপভ্যান নিয়ে পালানোর সময় পিকআপভ্যানের চাকা লিক হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গরুচোর সন্দেহভাজন মো.নাছির (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। এসময় পিকআপভ্যানের নিচে ছাপা পড়ে ১টি গরু মারা যায় ও দুইজন গুরুতর আহত হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৩টি গরু উদ্ধার করে পিকআপভ্যানটি জব্দ করে চরজব্বার থানায় নিয়ে আসে পুলিশ।
বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার চর ওয়াপদা ইউনিয়নের চর আমিনুল হক গ্রামের সুলতান নগর এলাকায় এ ঘটনা ঘটে।
আহত গরুচোর সন্দেহ ব্যক্তিরা হলেন, কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের জামানের ছেলে রুবেল(২০),হাতিয়া উপজেলার পশ্চিম বড় ডেইল এলাকার গিয়াস উদ্দিনের ছেলে রাহাত(২১)। অপর দুই জন পালিয়ে যায়।
স্থানীয়রা জানান, চর জব্বার ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডর পরিষ্কার বাজার এলাকার ছেরাজুল ও সেলিমের ৪ টি গরু পা বেধেঁ খড় দিয়ে ঢেকে চুরি করে নিয়ে যায়। পিকআপভ্যানটি সোনাপুর- চেয়ারম্যানঘাট সড়কের সুলতাননগর এলাকায় পৌঁছালে গাড়ির সামনের চাকা লিক হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায়। এসময় পিকআপের নিয়ে ছাপা পড়ে গরু চোর সন্দেহভাজন এক ব্যক্তি ও একটি গরু ঘটনাস্থলে মারা যায়। এ ঘটনায় অপর দুই ব্যক্তি গুরুতর আহত হয়।পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদেরকে নোয়াখালী সদর হাসপাতালে প্রেরণ করেন। অপর দুই চোর পালিয়ে যায়।
চর জব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে জানান, গরু চুরি করে টহল পুলিশ দেখে দ্রুত পিকআপভ্যাননিয়ে পালিয়ে যাওয়ার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। পিকআপভ্যানের মধ্যে থাকা চোর চক্রের এক সদস্য নিহত হন। আটককৃতদের নোয়াখালী সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















