কেশবপুরের ৩২ জন বীর মুক্তিযোদ্ধাকে সাগরদাঁড়িতে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে। স্থানীয় নাগরিক সমাজের উদ্যোগে বৃহস্পতিবার রাতে কপোতাক্ষ নদ পাড়ে সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদ চত্বরে এ সংবর্ধনার আয়োজন করা হয়। বীর মুক্তিযোদ্ধা ডাক্তার শহিদুল ইসলামের সভাপতিত্বে এ আয়োজনে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম, সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত প্রমুখ। একই মঞ্চে মুক্তিযোদ্ধাদের পাশাপাশি সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্তসহ ইউপি সদস্যদেরও নাগরিক সংবর্ধনা দেওয়া হয়। এ ব্যাপারে সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত বলেন, নাগরিক সমাজের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাসহ ৪৭ জনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। সংবর্ধনা প্রদান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ হয়।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















