ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে আন্তঃনগর ট্রেনের ১৫টি টিকিটসহ ধীরাজ মিয়া (৫০) নামে এক কালোবাজারিকে গতকাল সোমবার সকালে গ্রেপ্তার হয়েছে।
বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও, ঢাকা) শওকত জামিল মহসীন এর নেতৃত্বে এক অভিযানে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া ধীরাজ পৌর এলাকার দক্ষিণ মৌড়াইলের আসু মিয়ার ছেলে।
রেলওয়ে নিরাপত্তা বাহিনী ব্রাহ্মণবাড়িয়ার ইনচার্জ মো. জিল্লু মিয়া জানান, সকাল সাড়ে আটটার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে এই অভিযান চালানো হয়।
এ সময় কালোবাজারে টিকিট বিক্রি করতে থাকা ধীরাজকে হাতেনাতে আটক করা হয়। তার কাছে আন্তঃনগর ট্রেনের ২৩টি আসনসহ ১৫টি টিকিট ও টিকিট বিক্রির আট হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়। ধীরাজকে আখাউড়া রেলওয়ে থানায়
হস্তান্তর করে মামলা দায়ের করা হয়েছে।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















