নওগাঁর মান্দায় খাল-বিল ও নদী নালার পানি কমতে শুরু করেছে। পানিতে টান পড়েছে মাছ ধরার এখনই সময়। অবসরে অল্প পানিতে মাছ শিকারের মহোৎসবে মেতে উঠেছেন অনেকে। খাল-বিল, নদী-নালা ও ডোবাতে এখন স্বল্প পানি। এলাকায় এখন বিভিন্ন উপকরণ দিয়ে দল বেধে মাছ ধরার দৃশ্য চোখে পড়ার মতো। দলবদ্ধ হয়ে পানি শুকিয়ে আবার কোথাও পলো দিয়ে মাছ ধরা। দিনে রাতে সুত বড়শি দিয়ে নদী থেকে ধরা হচ্ছে বিভিন্ন প্রজাতির মাছ। বড়শিতে খাবার দিয়ে ফেলা হয় নদীর পানিতে। রাতে আলো জ্বালিয়ে নদীর পাড়ে সুত বড়শি দিয়ে মাছ ধরতে দেখা যায়। তবে সুত বড়শি দিয়ে মাছ ধরতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। এছাড়া ছোট ডোবায় গ্রামের মানুষরা পানি শুকিয়ে মাছ ধরছেন। মাথা ও কোমরে আটসাট করে গামছা বেঁধে অনেকটা আনন্দ নিয়েই মাছ ধরছেন সবাই।
শখের বসে মাছ ধরার উপকরণ নিয়ে নেমেছেন মাছ ধরতে। সকাল থেকেই শুরু হয় তাদের এই মাছ ধরা। চলে বিকেল পর্যন্ত। দলবেধে সারিবদ্ধ হয়ে পলো দিয়ে ট্যাংরা-পুঁটি,শোইল, টাকি, কই ও শিং মাছ ধরছেন অনেকে। নদী-নালা, খাল অথবা বিলে পলো দিয়ে মাছ ধরার দৃশ্য সবারই মনকাড়ে।
সম্প্রতি উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের কাঁশোপাড়া গ্রামের একটি খালে দেখা মেলে মাছ ধরার এমনই দৃশ্য।
কাঁশোপাড়া গ্রামের আব্দুল মজিদ বলেন, প্রতিবছরই এই সময় এ অঞ্চলের মানুষ মাছ ধরার উৎসবে মেতে ওঠেন। এবারে একেকজন প্রায় ৩/৪ কেজি করে দেশীয় ট্যাংরা এবং অন্যান্য প্রজাতির মাছ পেয়েছেন । মাছ পাওয়ার পর অনেকে দুশ্চিন্তায় রয়েছেন এই ভেবে যে, মাছ তো অনেকগুলো করে পেলাম কিন্তু সয়াবিন তেলের যে দাম; মাছগুলো রান্না করে খাবো কিভাবে?
বিজনেস বাংলাদেশ/ এ আর




















