ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কাস্টমস-এ লাগেজ পার্টির বিপুল পরিমাণ কাপড়ের ট্যাক্স আদায়ে কর্তৃপক্ষের গাফিলতি পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে আখাউড়া চেকপোষ্ট দিয়ে বাংলাদেশে আসা এক ভারতীয় নাগরিকের কাপড়ের সংখ্যা কমিয়ে কম টেক্স আদায়ের পায়তারা করেন। এসময় সাংবাদিকদের সন্দেহ হলে পুন:গণনায় কাপড়ের সংখ্যা দ্বিগুণ বৃদ্ধি পায় এবং বাড়তি ট্যাক্স নির্ধারণ করেন। এতে সরকারেরও ব্যাপক রাজস্ব আদায় হয়।
জানা যায়, ভারতের পশ্চিমবঙ্গের ধনঞ্জয় দে ও তার স্ত্রী রুপা দে বাণিজ্যিক উদ্দেশ্যে ৬টি বড় ব্যাগে করে বিপুল পরিমাণ ভারতীয় থ্রি-পিস, টি-শার্ট, জিন্স প্যান্ট নিয়ে আসে। এসময় সরকারি শুল্ক কর্মকর্তা মোঃ জহিরুল হক সহ কাস্টমস কর্মকর্তারা কাপড়গুলো গণনা করে প্রথমে টি শার্ট ৮৫, থ্রি-প্রিস- ৫৫ এবং ৮টি জিন্স প্যান্টের উপর ট্যাক্স নির্ধারণ করে ওই যাত্রীকে ছেড়ে দেওয়ার পক্রিয়া করে।
এসময় উপস্থিত সাংবাদিকদের সন্দেহ হলে কাপড়গুলো পুনরায় গণনা করার অনুরোধ করেন। পরে দ্বিতীয়বার গণনায় ২০৬ টি টি-শার্ট পাওয়া যায়। যাত্রীদের ভোগান্তি কথা ভেবে অন্য কাপড়গুলো গণনা করা হয় নি। পরে নতুন করে প্রকৃত কাপড়ের টেক্স নির্ধারণ করে কর্তৃপক্ষ। প্রথমে ৪৫ হাজার টেক্স নির্ধারণ করা হলেও পরে টেক্স বৃদ্ধি পেয়ে ৬৩ হাজার ৫ শত ৯৬ টাকা করা হয়।
এসময় ধনঞ্জয় দে সাংবাদিকদের বলেন, গত ৬ মাসে তিনি ৪ বার বাংলাদেশে কাপড় নিয়ে এসেছেন। কাপড়গুলো তিনি চট্টগ্রামে এক ব্যক্তির নিকট পৌঁছে দিবেন। তিনি বাহক হিসেবে কাজ করেন। কলকাতার এক ব্যবসায়ী কাপড়গুলো বাংলাদেশে পাঠিয়েছেন। তবে তিনি কারও নাম বলেননি।
এ বিষয়ে আখাউড়া কাস্টমস এর সহকারী শুল্ক কর্মকর্তা জহিরুল হক এর কাছে জানতে চাওয়া হলে তিনি জানান প্রথমে উনার ব্যাগ ছিল চারটা এগুলো আমি নিজে দেখেছি কিছু ছিল থ্রি পিস কিছু ছিল কলার ওয়ালা গেঞ্জি আর কিছু ছিল গোল গলা গেঞ্জি। যাত্রী আগে কম বের করেছিল। আমার চোখের বাহিরে আমি এগুলো বুঝতে পারিনি। যখন পড়ে বুঝতে পারলাম তখন শতভাগ ট্যাক্স আদায় করা হয়েছে তাকে আর ব্যাগেজ সুবিধা দেওয়া হয়নি।
এ ব্যপারে কাস্টমস এর রাজস্ব কর্তকর্তা নোমান সিদ্দিকী বলেন, কাপড়গুলো অবৈধ না হওয়ায় নিয়ম অনুযায়ী তিনি যে লাগেজ সুবিধা পাবেন তার বাইরে সকল কাপড়ের টেক্স আদায় করা হবে। দায়িত্বরত কর্মকর্তা গণনায় হিসেবে গড়মিল করার করার বিষয়ে তিনি বলেন আমার কর্মকর্তার গাফিলতির জন্য আমি দু:খিত।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















