পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার রামনাবাদ নদীর তীরে ধানখালীতে নির্মিত পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র সোমবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য কলাপাড়া থেকে কুয়াকাটা পর্যন্ত গোটা উপকূলীয় এলাকায় বিরাজ করছে সাজ সাজ রব। পরিপাটি করে সাজানো হচ্ছে তাপবিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তর থেকে শুরু করে পর্যটন নগরী কুয়াকাটাকে। বরিশালের বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসানের নেতৃত্বে পটুয়াখালী জেলা এবং পুলিশ প্রশাসন এখন মহাব্যস্ত প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে। বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান বলেছেন, হেলিকপ্টার থেকে মাননীয় প্রধানমন্ত্রী সোমবার সকাল ১০টায় তাপবিদ্যুৎ কেন্দ্রে অবতরন করবেন। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী তাপ বিদ্যুৎ কেন্দ্রে পৌছার পর কেন্দ্রের গুরুত্বপূর্ন স্থাপনা ঘুরে দেখবেন। তারমধ্যে তাপবিদ্যুৎ কেন্দ্রের মূল জেটিও (যেটা কয়লা জেটি বা কোল জেটি নামে পরিচিত) পরিদর্শন করবেন। ওই জেটিটি রামনাবাদ নদীর তীরে। সূত্র জানায়, জেটি দেখতে গিয়ে প্রধানমন্ত্রী যাতে বাড়তি আনন্দ পান তারজন্য পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ ওই নদীতে সুসজ্জিত রং-বেরংয়ের পালতোলা নৌকার শোডাউনের আয়োজন করেছেন। এজন্য উপকূলের ২২০টি জেলে নৌকা বাহারি রঙে সাজানো হয়েছে। তাপবিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে নৌকা সাজানোর কাজটি করেছে এশিয়াটিক মার্কেটিং লিমিটেড। এই প্রতিষ্ঠানের মাঠ কর্মকর্তা আব্দুল আউয়াল সাগর বলেছেন, আমরা গত এক সপ্তাহ ধরে জেলেদের কাছ থেকে নৌকা সংগ্রহ করে কলাপাড়ার আন্ধারমানিক ও খাপড়াভাঙ্গা নদীর মিলনস্থল খালগোড়ায় এনে সাজসজ্জা করেছি। এই নৌকাগুলো রামনাবাদ নদীতে নিয়ে প্রধানমন্ত্রীর সৌজন্যে শোডাউন করবে তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ। এজন্য জেলেদেরও প্রশিক্ষণ দেয়া হচ্ছে। পাল ও নৌকার সাজসজ্জার কাজ করেছে বরিশাল চারুকলার শিল্পীরা। বরিশাল চারুকলার প্রধান শিল্পী তাপস কর্মকার বলেন, ‘আমরা ১৫ মার্চ থেকে নৌকা ও পালে আলপনা আকার কাজ শুরু করি। মোট ৩৫ জন শিল্পী একটানা ৪দিন কাজ করে ২২০টি নৌকা ও পালের কাজ শেষ করে শুক্রবার সেগুলো এশিয়াটিক মার্কেটিং লিমিটেডের কাছে হস্তান্তর করেছি। কুয়াকাটা ট্যুর অপারেটর অ্যাসোশিয়েসনের সভাপতি রুমন ইমতিয়াজ তুষার বলেন, নয়নাভিরাম করে সাজানো হয়েছে প্রত্যেকটি পাল ও নৌকা। এমন ব্যতিক্রমী আয়োজন আশা করি প্রধানমন্ত্রীকে বাড়তি আনন্দ দেবে।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















