কৃষিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, আগামী দুই বছর পর নির্বাচন। এ নির্বাচনকে সামনে রেখে সরকার বিরোধী দল নানা রকম ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা নানা ধরনের মিথ্যাচার করছে। আমি মনে করি, এ ধরনের পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমাদেরকে রাজনৈতিকভাবে প্রস্তুত হতে হবে। বিরোধী দলের ধ্বংশাত্বক কর্মকান্ড প্রতিহত করার প্রস্তুতি আওয়ামী লীগের রয়েছে।
রোববার (২০ মার্চ) দুপুরে টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ টাঙ্গাইল জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, করোনা মহামারির কারনে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কিছুটা বেড়েছে। কিন্তু এ নিয়ে দেশে এমন কোন কিছু তৈরি হয়নি যে দ্রব্যমূল্য নিয়ে দেশে হাহাকার, দেশে একটি হৈ চৈ এমন কিছু নয়।
মন্ত্রী বলেন, জননেত্রী শেখ হাসিনা মানুষের দুঃখ-কষ্টে সবসময় মানুষের পাশে ছিল। আমরা আজকে টিসিবির মাধ্যমে দেশের এক কোটি মানুষকে স্বল্পমূল্যে জিনিসপত্র দিচ্ছি। আমাদের এই ধারা অব্যাহত থাকবে। দেশে কোন হাহাকার হবে না, তারা কোন অরাজকতা সৃষ্টি করতে পারবে না। আমরা খুব সচেতন। প্রয়োজনে আরো খাদ্য ও অন্যান্য সাহায্য নিয়ে আমরা তাদের পাশে দাঁড়াবো।
মন্ত্রী বলেন, এই নির্বাচন কমিশন একটি নিরপেক্ষ ও সুষ্ঠ নির্বাচন করবে। আওয়ামী লীগের দায়িত্ব নির্বাচন কমিশনকে সহযোগিতা করা। যারা দেশ নিয়ে ষড়যন্ত্র করতে চায়, দেশে অস্থিতিশীল করতে চায় তাদের রাজনৈতিকভাবে আমরা মোকাবেলা করবো।
সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য সাফিয়া খাতুন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক।
এতে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) এমপি, টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য ছোট মনির।
সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক সাবেক সংসদ সদস্য মনোয়ারা বেগম সম্মেলনে সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ফেরদৌসি আক্তার রুনু।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















