ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু মহাসড়কে চাকা ফেটে উল্টে গেছে উত্তরবঙ্গগামী তেলবাহী ট্রাক। বৃহস্পতিবার (২৪ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার আশেকপুর বাইপাস এলাকায় ঘটনাটি ঘটেছে। দূর্ঘটনায় কোন হতাহত না হলেও ট্রাকে থাকা সয়াবিন তেল মহাসড়কে পরে যান চলাচল বিঘ্নিত হয়।
ট্রাক চালক আতোয়ার বলেন, চট্টগ্রাম থেকে নওগাঁ যাওয়ার পথে টাঙ্গাইল বঙ্গবন্ধু মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকায় পৌছালে হঠাৎ ট্রাকের সামনের চাকা ফেটে যায়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি মহাসড়কের আইল্যান্ডের উপর উঠে গিয়ে উল্টে যায়। ট্রাকে সাড়ে ১১টন সয়াবিন তেল ছিল বলেও জানান তিনি।
এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন জানান, দূর্ঘটনা কবলিত ট্রাকটিকে সড়িয়ে নেয়ার ব্যবস্থা হয়েছে। যান চলাচল স্বাভাবিক রাখতে মহাসড়কের যে টুকু অংশে তেল ছড়িয়ে পরেছে সেখানে দ্রুতই বালু দেয়া হবে। এছাড়াও মহাসড়ক যানজটমুক্ত রাখতে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী সকল পরিবহনকে আপাতত থ্রি হুইলারের যাতায়াতে ব্যবহৃত আন্ডারপাস ব্যবহারের সুযোগ দেয়া হয়েছে। দূর্ঘটনার কারণে মহাসড়কের কোন যানজটের সৃষ্টি হয়নি বলেও জানান তিনি।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















