ফরিদপুরের বোয়ালমারীতে সওজ এর জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ) কর্তৃপক্ষ।
২ এপ্রিল শনিবার সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত মাইজকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে বোয়ালমারী পৌরসভার ওয়াপদা মোড় থেকে চৌধুরী বাড়ি মোড় পর্যন্ত এ অভিযান চালানো হয়। এ সময় ওই সড়কের দুই পাশে থাকা প্রায় দেড় শতাধিক দোকানপাট উচ্ছেদ করেছে সওজ কর্তৃপক্ষ। এতে সড়ক ও জনপথ বিভাগের প্রায় দুই থেকে আড়াই একর জমি দখলমুক্ত করা সম্ভব হয়েছে বলে জানান-অভিযান পরিচালনাকারী, সড়ক ও জনপথ বিভাগের খুলনা জোনের এস্টেট ও আইন কর্মকর্তা, উপসচিব অনিন্দিতা রায় । তিনি আরও জানান, উচ্ছেদের আগে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য নোটিশ ও মাইকিং করে প্রচারণা চালানো হয়েছিল, কিন্তু অবৈধ স্থাপনা সরিয়ে না নেওয়ায় এক্সুভেটর ও বুলডোজার দিয়ে নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগের ফরিদপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ইমরান ফারহান সুমেল, উপ বিভাগীয় প্রকৌশলী অনুজ কুমার দে, উপ সহকারী প্রকৌশলী সুমন কর্মকার। সড়ক ও জনপথ বিভাগের ফরিদপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ইমরান ফারহান সুমেল জানান, উচ্ছেদ অভিযান পরিচালনার আগে সার্ভেয়ারের মাধ্যমে সড়ক ও জনপদ বিভাগের জমির সীমানা লাল পতাকা দিয়ে নির্ধারণ করা হয়। নির্ধারিত এলাকা ১দিনে অভিযান শেষ করতে না পারায় আগামীকাল সকাল থেকে ফের উচ্ছেদ অভিযান চলবে বলে জানান অভিযান পরিচালক অনিন্দিতা রায়।




















