পঞ্চগড়ের বোদা উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কায় আব্দুল্লাহ (৫০) নামে এক হাফেজিয়া মাদরাসার শিক্ষক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আলামিন নামে আরেক শিক্ষক।
সোমবার (৪ এপ্রিল) বিকালে বোদা-পাঁচপীর সড়কের বলরামহাট নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। আব্দুল্লাহর বাড়ি বাড়ি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায়। তিনি ওই উপজেলার পশ্চিম তুলসি হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বীরগঞ্জ পশ্চিম তুলসি হাফেজিয়া মাদরাসার তিন শিক্ষক এক মোটরসাইকেলে বোদা উপজেলায় আসছিলেন। পথিমধ্যে বলরামহাট এলাকায় আসলে একটি ট্রাক্টরকে সাইড দিতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই আব্দুল্লাহর মৃত্যু হয়। গুরুতর আহত হন আলামিন (৪৫)। আরেকজনের নাম লিটন (৪০)। তার কিছু হয়নি। গুরুতর আহত আলামিনকে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ওই তিন শিক্ষক একটি মোটরসাইকেল যোগে বোদা-পাঁচপীর সড়ক হয়ে পঞ্চগড়ের বোদা উপজেলার শহরের দিকে আসছিলেন। তারা কী কাজে বা কোথায় যাচ্ছিলেন তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী সড়ক দুর্ঘটনায় এক মাদরাসা শিক্ষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় বোদা থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ
০৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম :
গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় শিক্ষক নিহত
-
তমা সেন, পঞ্চগড় প্রতিনিধি - প্রকাশিত : ০৮:৪০:৩৪ অপরাহ্ন, সোমবার, ৪ এপ্রিল ২০২২
- 83
ট্যাগ :
জনপ্রিয়




















