টাঙ্গাইলের কালিহাতী উপজেলার হাতিয়া গ্রামের মেয়ের শ্বশুড়বাড়ী থেকে মেয়ে ও আট মাসের নাতিকে নিয়ে নিজ বাড়ি ঘাটাইলের গারট্ট ফিরছিলেন অটো চালক তায়েবুল হোসেন। দুপুরে হাতিয়া রেল ক্রসিং এলাকায় ট্রেনের ধাক্কায় তারা তিনজনই নিহত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন এলেঙ্গা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের টিম লিডার মোস্তাফিজুর রহমান।
নিহতরা হলেন, ঘাটাইলে গারট্ট গ্রামের মো. হামিদ মিয়া ছেলে মো. তায়েবুল হোসেন (৪৩), তার মেয়ে তাহমিনা বেগম (২৪) ও নাতি মো. তাওহীদ (৮ মাস)।
এলেঙ্গা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের টিম লিডার মোস্তাফিজুর রহমান জানান, নিজের ব্যাটারি চালিত ইজিবাইকের নিয়ে তায়েবুল হোসেন কালিহাতীর হাতিয়া মেয়ের শ্বশুরবাড়ী থেকে তার মেয়ে ও নাতিকে নিয়ে নিজ বাড়ি ঘাটাইল উপজেলার গারট্ট গ্রামের উদ্দেশ্যে রওনা হয়। হাতিয়া রেল ক্রসিং এলাকায় আসলে ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুর এক্সপ্রেসের ধাক্কায় তাদের ব্যাটারি চালিত ইজিবাইক দুুমরে মুচরে যায়। এতে ঘটনাস্থলেই তায়েবুল ও শিশু তাওহীদের মৃত্যু হয়। আহত অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে তাহমিনাকে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।
টাঙ্গাইল রেলওয়ে পুলিশের সাব ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আইনী প্রকিয়া শেষে লাশ গুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















