নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২৪০ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিলসহ মো: মাসুদ (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। রবিবার (১০ এপ্রিল) বিকালে সিদ্ধিরগঞ্জের ঢাকা চট্টগ্রাম মহাসড়কে মাদক বিরোধী অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মো: মাসুদ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর এলাকার মো: আশরাফ আলীর ছেলে।
সোমবার (১১ এপ্রিল) দুপুরে র্যাব-১১’র সদর দপ্তর থেকে মিডিয়া অফিসার এএসপি মো: সম্রাট তালুকদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
র্যাব জানায়, গ্রেফতারকৃত মাসুদ মাদক পাচারকারী চক্রের একজন সক্রিয় সদস্য। সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে নিষিদ্ধ মাদকদ্রব্য ফেনসিডিল সংগ্রহ করে এবং বিভিন্ন অভিনব কায়দায় পরিবহন করে নিয়ে এসে ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও র্যাব নিশ্চিত করেছে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















