মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, সরকার নারীর কর্মসংস্থান সৃষ্টি ও উদ্যোক্তা তৈরিতে বহুমুখী কার্যক্রম বাস্তবায়ন করছে। এ লক্ষ্যে খুলনায় নির্মিত হবে ১০তলা কমপ্লেক্স ভবন। সোমবার খুলনা শহরের শেরে বাংলা রোডে মহিলা বিষয়ক অধিদফতরের উপ-পরিচালকের কার্যালয় ও প্রস্তাবিত কমপ্লেক্স ভবন নির্মাণ স্থান পরিদর্শন ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
প্রতিমন্ত্রী ইন্দিরা আরো বলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নারীর অর্থনৈতিক উন্নয়নে বিভিন্ন প্রশিক্ষণ, আর্থিক সহায়তা, সামাজিক নিরাপত্তা ও পণ্য বিপণন নেটওয়ার্ক প্রতিষ্ঠা করছে। সব বিভাগ, জেলা ও উপজেলায় বহুমুখী কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে। খুলনা বিভাগীয় শহরে প্রথম ধাপে ১০তলা বিশিষ্ট ভবন নির্মাণের কার্যক্রম প্রক্রিয়াধীন। এই ভবনে প্রশিক্ষণ কেন্দ্র, কর্মজীবী মহিলা হোস্টেল, ডে-কেয়ার সেন্টার ও নারী উদ্যোক্তাদের তৈরি পণ্যের বিক্রয় কেন্দ্র থাকবে। যার মাধ্যমে এ অঞ্চলের নারীরা বিশেষভাবে উপকৃত হবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান বেগম চেমন আরা তৈয়ব, মহিলা বিষয়ক অধিদফতরের মহাপরিচালক ফরিদা পারভীন, যুগ্মসচিব মো. ইকবাল হোসেন, খুলনার ডিসি মো. মনিরুজ্জামান তালুকদার, গণপূর্ত অধিদফতরের নির্বাহী প্রকৌশলী, খুলনার জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যাপিকা রুনু ইকবাল বিথার, খুলনা মহিলা বিষয়ক অধিদফতরের উপ-পরিচালক প্রমুখ।
প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা পরে ডিসি ও মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ প্রস্তাবিত বহুতল ভবনের স্থান ঘুরে দেখেন। এ সময় তিনি অতি দ্রুত খুলনায় কমপ্লেক্স ভবন নির্মাণ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।




















