নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডাকাতি প্রস্তুতিকালে দুই ডাকাতকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
শনিবার (১৬ এপ্রিল) দিবাগত রাত তিনটার দিকে উপজেলার বারদি ইউনিয়নের মছলন্দেপুর গ্রামে তাদের আটক করে গণধোলাই দেয়।
রোববার (১৭ এপ্রিল) সকালে হাসপাতালে পুলিশ তাদেরকে চিকিৎসা শেষে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করেন।
গ্রেফতাররা হলেন সোনারগাঁয়ের চেঙ্গাকান্দি গ্রামের মিলন মিয়ার ছেলে মাসুম (২৭) এবং একই গ্রামের সামসুল হকের ছেলে রিপন (২৪)।
পুলিশসূত্রে জানা যায়, উপজেলার বারদি ইউনিয়নের মছলন্দপুর গ্রামে শনিবার দিবাগত রাত তিনটার দিকে ৮/১০ জনের ডাকাত দল ব্যবসায়ী রোকন মিয়ার বাড়িতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।
বিষয়টি টের পেয়ে এলাকাবাসী মসজিদের মাইকে ঘোষনা দিয়ে চারদিক দিয়ে ঘিরে দুই ডাকাতকে আটক করে। এলাকাবাসী তাদের গণধোলাই দিয়ে পুলিশে সোপার্দ করে। দুই ডাকাতকে আটক করলেও বাকিরা পালিয়ে যায়।
এ বিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান বলেন,আজ সকালে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করে। তাদের বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা রয়েছে বলে জানান ওসি হাফিজুর।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















