ময়মনসিংহের গৌরীপুর থানা পুলিশের সহযোগিতায় সেমি পাকা ঘর পেয়ে মাথা গোঁজার ঠাঁই হলো নিঃসন্তান বিধবা বৃদ্ধা জুবেদার। মুজিববর্ষ উপলক্ষে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রীর দিক-নির্দেশনায় সারাদেশে পুলিশের উদ্যোগে গৃহহীনদের জন্য ঘর নির্মাণ প্রকল্পের আওতায় এ বৃদ্ধাকে উপহার দেয়া হয়েছে একটি ঘর। জুবেদা খাতুন উপজেলার মাওহা ইউনিয়নের রামকৃষ্ণপুর বড়ইকান্দা গ্রামের মৃত মনহর আলীর স্ত্রী।
সারাদেশে পুলিশের উদ্যোগে ৫২০ জন গৃহহীনের মাঝে ঘর হস্তান্তর এবং প্রতিটি থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য সার্ভিস ডেক্স স্থাপন এ মানবিক কর্মসূচীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ কর্মসূচীর উদ্বোধনের পর গৌরীপুরে বৃদ্ধা জুবেদা খাতুনের হাতে নতুন ঘরের চাবি হস্তান্তর করেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী।
সন্তানহীন ষাটোর্ধ্ব বিধবা বৃদ্ধা জুবেদা খাতুন জীবিকা নির্বাহ করেন ভিক্ষা বৃত্তি করে। ভিক্ষা বৃত্তি শেষে রাতে ঘুমাতেন তিনি মানুষের বাড়ির বারান্দায়। দীর্ঘদিনের এই অসহায়ত্ব জীবন-যাপনের খবর পেয়ে অবশেষে বৃদ্ধার পাশে দাঁড়ায় গৌরীপুর থানা পুলিশ।
নতুন ঘর পেয়ে জুবেদা খাতুন খুশি হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পুলিশ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাঁদের জন্য দোয়া করেন।
গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান এ মানবিক উদ্যোগের বিষয়ে জানান, এ কর্মসূচির আওতায় ৫১৯টি থানায় ১৩ কোটি টাকা ব্যয়ে গৃহহীনদের জন্য ৫২০টি পরিবেশ বান্ধব সেমিপাকা নির্মাণ করা হয়েছে।
প্রাথমিক পর্যায়ে রবিবার ৪০০ ঘর হস্তান্তর করা হয়েছে। এছাড়া এদিন মুজিববর্ষ উপলক্ষে দেশের প্রতিটি থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য সার্ভিস ডেক্স স্থাপন করা হয়েছে।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















