নওগাঁর মান্দায় শাকিলা আক্তার (০৮) নামের এক কন্যা শিশুর বিবস্ত্র মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় গ্রামের পাশে বাঁশঝাড় থেকে শিশুর মরদেহটি উদ্ধার করা হয়। উপজেলার ভালাইন ইউনিয়নের পশ্চিম লক্ষ্মীরামপুর গ্রামে বর্বরোচিত এ ঘটনা ঘটে। নিহত শাকিলা আক্তার ওই গ্রামের ছাকের আলীর মেয়ে ও স্থানীয় বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী।
স্থানীয় ইউপি সদস্য হারুন-অর-রশীদ জানান, গ্রামের আব্দুল বারীর বাড়িতে মিলাদের অনুষ্ঠান চলছিল। লোকজন আয়োজনে ব্যস্ত ছিলেন। হঠাৎ করেই বিকেল ৪টা থেকে শিশুটি নিখোঁজ হয়। তাকে মিলাদ বাড়িসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও পাওয়া যাচ্ছিল না। ইফতারের আগ মুহূর্তে বাড়ির অদূরে গোবিন্দ চন্দ্রের বাঁশঝাড়ে বিবস্ত্র ও কাপড় দিয়ে মুখ আটকানো অবস্থায় শিশুটির মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে ওই শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়ে থাকতে পারে।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জানান ওসি।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















