কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন আগামী ১৫ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে। একই দিন ১৩৫ টি ইউনিয়ন পরিষদ, ৬টি পৌরসভা ও ১টি উপজেলা পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়ে তফসিল ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। সোমবার সকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ডিসি সম্মেলন কক্ষে আউয়াল কমিশনের তৃতীয় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব মোঃ হুমায়ুন কবির খোন্দকার। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার পর কাজী হাবিবুল আউয়াল এর নেতৃত্বাধীন কমিশনের অধীনে এটিই প্রথম নির্বাচন হতে যাচ্ছে। ইসি সচিব জানান, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১৭ মে। মনোনয়নপত্র বাছাই ১৯ মে ও প্রত্যাহারের শেষ সময় ২৬ মে। প্রতীক বরাদ্দ ২৭ মেয়ে এবং ভোটগ্রহণ ১৫ জুন। আইন অনুযায়ী প্রথম সভা থেকে পরবর্তী পাঁচ বছর হয় নির্বাচিত কর্পোরেশনের মেয়াদ। এই হিসেবে কুমিল্লা সিটির মেয়াদ শেষ হবে আগামী ১৬ মে। আর ভোট গ্রহণ করতে হয় মেয়াদ শেষ হওয়ার আগের ১৮০ দিনের মধ্যে। এ হিসাবে গত বছরের ১৬ নভেম্বর থেকে এ সিটি নির্বাচনের সময় গণনা শুরু হয়ে গেছে। সর্বশেষ কুমিল্লা সিটিতে ভোটগ্রহণ হয়েছিল ২০১৭ সালের ৩০ মার্চ। নির্বাচিত কর্পোরেশনের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছিল ওই বছরের ১৭ মার্চ। এ কেন্দ্রে ভোট গ্রহণ করতে হবে আগামী ১৬ মে’র মধ্যে। ২০১৭ সালের নির্বাচনে বিএনপি নেতা মনিরুল হক সাক্কু দ্বিতীয়বারের মতো এ সিটি থেকে নির্বাচিত হয়েছিলেন। এ সিটিতে সেসময় ভোট হয়েছিল ১০৩ টি কেন্দ্রে। মোট ভোটার ছিল ২ লাখ ৭ হাজার ৫৬৬ জন। ২০১১ সালের দুটি পৌরসভাকে একীভূত করে গঠন করা হয় কুমিল্লা সিটি কর্পোরেশন নামের নতুন একটি কর্পোরেশন। ওই বছরই প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর ২০১৭ সালে এই সিটির পার্শ্ববর্তী বেশ কয়েকটি ইউপিকে অন্তর্ভুক্ত করে আয়তন বাড়ানো হয় প্রায় তিন গুণ। এতে দেখা যায় সীমানা জটিলতা। কুমিল্লা সিটি কর্পোরেশন ২৭টি ওয়ার্ড নিয়ে গঠিত। এর আগে আউয়াল কমিশন গত ৫ এপ্রিল কমিশনের প্রথম বৈঠক করেছিল। সেই বৈঠকে কুমিল্লা সিটির ভোট নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি নির্বাচন কমিশন। তবে ইসি সচিব সাংবাদিকদের জানিয়েছিলেন, পরবর্তী কমিশন সভায় কুমিল্লা সিটি কর্পোরেশনের ভোটের তফসিল ঘোষণা করা হবে।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















