বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না, মাননীয় প্রধান মন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়নে মুজিব বর্ষে দাউদকান্দির ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর প্রদান বিষয়ে প্রেস ব্রিফিং করেছেন। প্রেস ব্রিফিং এ উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলাম খান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অবঃ) মোহাম্মদ আলী সুমন। ২৫ এপ্রিল সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রেস ব্রিফিং এ উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলাম খান বলেন এ উপজেলায় প্রথম পর্যায়ে ৪০টি ও দ্বিতীয় পর্যায়ে ৫২টি ঘর প্রদানের পর তৃতীয় পর্যায়ে চলতি বছরে আরো ১২৮টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর প্রদান করার নির্মান কাজ চলমান রয়েছে।
ইতোমধ্যে তৃতীয় পর্যায়ের ৮০টি ঘরের কাজ সম্পন্ন করা হয়েছে। ঘর প্রদানের পাশাপাশি সংশ্লিষ্ট ভূমিজীন ও গৃহহীন পরিবারকে ২শতক করে খাস জমি বন্দোবস্ত প্রদান করা হচ্ছে। ইতোমধ্যে তাদের নামে খাস জমি বন্দোবস্ত নথি অনুমোদিত হয়েছে। ঘরের পাশাপাশি সংশ্লিষ্ট ভূমিহীন ও গৃহহীন পরিবারকে বন্দোবস্ত প্রাপ্ত জমির কবুলিয়ত দলিল, রেজিস্ট্রিশনসহ নামজারি ও জমাখারিজ খতিয়ান প্রদান করা হবে। সেমি পাকা দুই কক্ষ বিশিষ্ট এসব গৃহে একটি টয়লেট, রান্নার কক্ষ ও ইউটিলিটি স্পেস রয়েছে। প্রতিটি ঘরে বিনামূল্যে বিদ্যুৎ সংযোগ ও বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা ঈদ উপহার হিসাবে আগামী ২৬ এপ্রিল মঙ্গলবার এ ঘরগুলো ভার্চুয়ালি যুক্ত হয়ে হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন। এ সময় দাউদকান্দিতে কমরত সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।




















