নতুন নিয়োগবিধি প্রণয়ন, বিসিএস (রেজিস্ট্রেশন) ক্যাডার সৃষ্টির উদ্যোগ, ভূমি নিবন্ধন অটোমেশন প্রকল্প, আইন সংশোধনসহ নিবন্ধন বিভাগের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন (BRSA)। বর্তমান কার্যনির্বাহী পরিষদের ধারাবাহিক প্রচেষ্টা ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের ফলে দীর্ঘদিনের বিভিন্ন দাবি বাস্তবায়নের পথে এগিয়েছে।
বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এই অনুষ্ঠানে আইনমন্ত্রীর কাছে ছয় দফা দাবি তুলে ধরেছেন সংগঠনটির মহাসচিব মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহ। এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ রমজান খান। বিশেষ অতিথি ছিলেন আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা এবং লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী। আরও ছিলেন আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব মো. খাদেম উল কায়েস ও এস এম এরশাদুল আলম এবং নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক শামীমা আফরোজ। এই অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের মহাসচিব মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহ আইনমন্ত্রীর কাছে ছয়টি দাবি পেশ করেন ও সংগঠনের অগ্রগতি তুলে ধরেন। প্রথম দাবিটি হচ্ছে, সারা দেশের ৬১টি জেলা সদরে সিনিয়র সাব রেজিস্ট্রার পদ তৈরি করা। বর্তমান কাঠামোতে সাব রেজিস্ট্রার থেকে জেলা রেজিস্ট্রার হতে ২০ থেকে ২৫ বছর লেগে যায়।
দ্বিতীয় দাবি, বিভিন্ন দেশের দূতাবাসে সাব রেজিস্ট্রারদের স্থায়ী পদ তৈরি করা। এতে প্রবাসীদের পাওয়ার অব অ্যাটর্নি-সংক্রান্ত সেবা সহজ হবে। প্রতারণাও কমবে। তৃতীয় দাবি, জেলা রেজিস্ট্রারদের জন্য সরকারি গাড়ি। অন্য দপ্তরে উপজেলা ও জেলা পর্যায়ের প্রধানরা এই সুবিধা পান। জেলা রেজিস্ট্রাররা পান না। চতুর্থ দাবি, নিবন্ধন অধিদপ্তরের নিজস্ব ট্রেনিং একাডেমি স্থাপন ও বিদেশে প্রশিক্ষণ। বক্তব্যে জানানো হয়, ইতিমধ্যে যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ায় ২৪২ কর্মকর্তা প্রশিক্ষণ নিয়েছেন। চলতি অর্থবছরে দেশি-বিদেশি প্রশিক্ষণের জন্য ১০ কোটি টাকা বরাদ্দও মিলেছে। পঞ্চম দাবি, প্রতিটি সাব রেজিস্ট্রার অফিসে দশম গ্রেডের একজন কর্মকর্তা ও একজন ডেডিকেটেড কম্পিউটার অপারেটর নিয়োগ। ষষ্ঠ দাবিতে আছে দলিল লেখক, নকলনবিশ ও উমেদারদের বিষয়ে তিনটি দফা। দলিল লেখকদের পারিশ্রমিক দলিলপ্রতি পাঁচ হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। বর্তমান ফি অনেক আগে ঠিক করা, যা বাজারদরের সঙ্গে মেলে না। সাব রেজিস্ট্রার অফিসে কর্মরত প্রায় ১৬ হাজার নকলনবিশের চাকরি স্থায়ী করার দাবিও আছে। বক্তব্যে বলা হয়, তাদের কেউই স্থায়ীভাবে নিয়োগ পাননি। প্রতিটি অফিসে দৈনিক ৬০ টাকা বেতনে কাজ করা উমেদারদের পারিশ্রমিক যুগোপযোগী করার কথাও বলা হয়েছে।
নিবন্ধন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত মর্যাদা, অধিকার সংরক্ষণ, কর্মপরিবেশের উন্নয়ন এবং সাধারণ মানুষের জন্য নিবন্ধন সেবা সহজ ও আধুনিক করার লক্ষ্যে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন (BRSA)। বর্তমান কার্যনির্বাহী পরিষদের মেয়াদকালে সংগঠনটির উদ্যোগ, ধারাবাহিক তৎপরতা ও সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে কার্যকর যোগাযোগের মাধ্যমে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অর্জন এসেছে।
সংগঠনটির অর্জনের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো নিবন্ধন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন নিয়োগবিধি, ২০২৫ প্রণয়ন ও গেজেট প্রকাশ। দীর্ঘদিনের দাবি ও প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে নিয়োগবিধি হালনাগাদের উদ্যোগ গ্রহণ করা হয়। এ লক্ষ্যে আইন ও বিচার বিভাগ, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগ ও প্রস্তাব প্রেরণ করা হয়। পরবর্তী সময়ে ১৯ অক্টোবর ২০২৫ তারিখে ‘নিবন্ধন অধিদপ্তর (কর্মকর্তা ও কর্মচারী) নিয়োগবিধি, ২০২৫’ গেজেট আকারে প্রকাশিত হয়। এটি নিবন্ধন বিভাগের প্রশাসনিক কাঠামো ও জনবল ব্যবস্থাপনায় একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।
বিসিএস (রেজিস্ট্রেশন) ক্যাডার সৃষ্টির উদ্যোগ
নিবন্ধন বিভাগের পেশাগত দক্ষতা ও প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বিসিএস (রেজিস্ট্রেশন) ক্যাডার সৃষ্টির উদ্যোগও সংগঠনটির অন্যতম গুরুত্বপূর্ণ অর্জন। এ লক্ষ্যে ১৬ মে ২০২৬ তারিখে আয়োজিত কর্মশালায় উপস্থাপিত প্রস্তাবের ধারাবাহিকতায় আইন ও বিচার বিভাগের মাধ্যমে ৫৫১টি পদ ক্যাডারভুক্তকরণ এবং কর্মরত কর্মকর্তাদের ওই ক্যাডারে অন্তর্ভুক্তির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উদ্যোগ নেওয়া হয়। সংগঠনটির মতে, এ উদ্যোগ বাস্তবায়িত হলে নিবন্ধন বিভাগের কর্মকর্তাদের পেশাগত পরিচয়, পদোন্নতি ও কর্মজীবনের কাঠামো আরও সুসংহত হবে।
নিবন্ধন অধিদপ্তরে পদ সৃষ্টি ও জনবল বৃদ্ধির প্রস্তাব
কর্মকর্তাদের পদোন্নতিজনিত হতাশা দূর এবং কর্মক্ষেত্রে গতিশীলতা বাড়াতে নিবন্ধন অধিদপ্তরের প্রধান কার্যালয়ে ডিআইজিআর ও এআইজিআর পদ সৃষ্টি এবং মাঠপর্যায়ে বিভাগীয় ও জেলা পর্যায়ে নতুন পদ সৃষ্টির প্রস্তাব আইনমন্ত্রীর কাছে উপস্থাপন করেছে সংগঠনটি। একই সঙ্গে দেশের ৬১টি জেলা সদর ও ২০টি মহানগর কার্যালয়ে সিনিয়র সাব-রেজিস্ট্রার পদ সৃষ্টিসহ সাব-রেজিস্ট্রার কার্যালয়ের জন্য রেকর্ড কিপার ও কম্পিউটার অপারেটর পদ সৃষ্টির প্রস্তাবও দেওয়া হয়েছে। এসব প্রস্তাব বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে।
ভূমি নিবন্ধন ব্যবস্থাপনায় অটোমেশন প্রকল্প
নিবন্ধন সেবাকে আধুনিক, সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করতে ‘ভূমি নিবন্ধন ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প’ গ্রহণ আরেকটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। ১০ নভেম্বর ২০২৫ তারিখে প্রকল্পটি অনুমোদিত হয় এবং পরবর্তী সময়ে প্রশাসনিক অনুমোদন লাভ করে। বর্তমানে প্রকল্পটির বাস্তবায়ন কার্যক্রম চলমান রয়েছে।
প্রকল্পটি বাস্তবায়িত হলে দলিল নিবন্ধন প্রক্রিয়া ডিজিটাল ও সহজ হবে। দলিল উপস্থাপন, গ্রহণ, নিবন্ধন এবং সংশ্লিষ্ট কার্যক্রমে প্রযুক্তির ব্যবহার বাড়বে। ফলে সেবাপ্রার্থীদের সময় ও ভোগান্তি কমার পাশাপাশি সরকারি রাজস্ব আদায় বৃদ্ধি এবং নিবন্ধনসংক্রান্ত তথ্যের নিরাপত্তা নিশ্চিত হওয়ার সম্ভাবনা তৈরি হবে।
রেজিস্ট্রেশন আইন সংশোধনে ভূমিকা
নিবন্ধন আইন, ১৯০৮ সংশোধনের ক্ষেত্রেও সংগঠনটির ভূমিকা উল্লেখযোগ্য। ২০২৬ সালের ১০ এপ্রিল নিবন্ধন (সংশোধন) আইন, ২০২৬ গেজেট প্রকাশিত হয়। এর মাধ্যমে দলিল নিবন্ধনের সময়সীমা, বিদেশে সম্পাদিত দলিল দাখিল, নামজারি-সংক্রান্ত কাগজপত্রের ভিত্তিতে দলিল নিবন্ধন এবং সাব-রেজিস্ট্রারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে পরিবর্তন আনা হয়েছে।
এ ছাড়া দলিল নিবন্ধনের ক্ষেত্রে সরকারি রাজস্ব আদায়ের স্বচ্ছতা নিশ্চিত করতে আইনের ৮০ ধারা প্রতিস্থাপন এবং ৬৮(৩) ধারায় সংশোধনের মাধ্যমে ঘাটতি রাজস্ব আদায়ের সুযোগ সৃষ্টি হয়েছে। এসব সংশোধনীর পেছনে সংগঠনটির দীর্ঘদিনের প্রস্তাব ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে সংগঠনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সম্পত্তি হস্তান্তর আইন, ১৮৮২-এর সংশোধনীতেও সংগঠনটির ভূমিকার কথা তুলে ধরা হয়েছে। ৬ সেপ্টেম্বর ২০২৬ জাতীয় সংসদে সংশোধনী বিল পাস এবং পরবর্তী সময়ে গেজেট প্রকাশের মাধ্যমে আইনে জীবনকালীন ভোগাধিকার সংরক্ষণপূর্বক স্বতন্ত্র দানের বিধান যুক্ত হয়েছে।
সরকারি যানবাহন ও অবকাঠামোগত সুবিধা বৃদ্ধির উদ্যোগ
নিবন্ধন অধিদপ্তরের কার্যক্রম পরিচালনায় যানবাহন সংকট নিরসনে প্রধান কার্যালয়ের জন্য পাঁচটি এবং জেলা রেজিস্ট্রারের কার্যালয়ের জন্য ৬১টিসহ মোট ৬৬টি গাড়ি অন্তর্ভুক্তির প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছে BRSA। এ ছাড়া নিবন্ধন অধিদপ্তরের জন্য স্থায়ী ভবন নির্মাণের উদ্যোগের পাশাপাশি আপাতত ঢাকার রমনার ইস্কাটন গার্ডেনে অবস্থিত প্রবাসী কল্যাণ ভবনে প্রায় ১২ হাজার বর্গফুট জায়গা ভাড়া নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। ফলে নিবন্ধন অধিদপ্তরের কার্যক্রম নতুন ঠিকানায় স্থানান্তরের পথ তৈরি হয়েছে।
সাব-রেজিস্ট্রার ও সহায়ক পদ সৃষ্টির প্রস্তাব
কর্মকর্তাদের পদোন্নতির সুযোগ সম্প্রসারণ এবং মাঠপর্যায়ের সেবার মান উন্নয়নে ৬১টি জেলা সদর ও ২০টি মহানগর কার্যালয়ে সিনিয়র সাব-রেজিস্ট্রারের ৮১টি পদ সৃষ্টির প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি সাব-রেজিস্ট্রার কার্যালয়ে রেকর্ড কিপার ও কম্পিউটার অপারেটর পদ সৃষ্টির প্রস্তাবও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এগুলো বাস্তবায়িত হলে নিবন্ধন কার্যালয়ের প্রশাসনিক ও কারিগরি সক্ষমতা বাড়বে বলে আশা করা হচ্ছে।
সংগঠনের সাংগঠনিক কার্যক্রম ও সদস্যকল্যাণ
পেশাগত দাবি আদায়ের পাশাপাশি সাংগঠনিক কার্যক্রমেও সক্রিয় রয়েছে BRSA। বার্ষিক বনভোজন ২০২৫ সফলভাবে আয়োজন, নিবন্ধন অধিদপ্তরের কর্মশালা ২০২৬ বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা এবং বার্ষিক সাধারণ সভা ২০২৬ আয়োজনের প্রস্তুতি সংগঠনটির চলমান কার্যক্রমের অংশ। সদস্যদের পারস্পরিক যোগাযোগ, ঐক্য ও পেশাগত স্বার্থ সংরক্ষণে এসব আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এ ছাড়া নিবন্ধন অধিদপ্তরকে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে রাখার বিষয়ে জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ এবং ভূমি মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধন কার্যক্রম নেওয়ার সম্ভাব্য উদ্যোগের পরিপ্রেক্ষিতে সংগঠনটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ ও তৎপরতা অব্যাহত রাখে। সংগঠনটির দাবি, বিভিন্ন প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করে নিবন্ধন অধিদপ্তরের প্রশাসনিক অবস্থান ও পেশাগত স্বার্থ সংরক্ষণে তারা কার্যকর ভূমিকা পালন করেছে।
সব মিলিয়ে নিয়োগবিধি, ক্যাডার সৃষ্টির উদ্যোগ, আইন সংশোধন, ডিজিটাল নিবন্ধন ব্যবস্থা, জনবল বৃদ্ধি, যানবাহন ও অবকাঠামোগত সুবিধা সম্প্রসারণ—বিভিন্ন ক্ষেত্রে BRSA’র কার্যক্রম নিবন্ধন বিভাগের উন্নয়নে নতুন সম্ভাবনা তৈরি করেছে। তবে পদ সৃষ্টি, ক্যাডারভুক্তকরণ, যানবাহন ও অন্যান্য প্রস্তাবের পূর্ণ বাস্তবায়ন এখনো সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের সিদ্ধান্ত ও অনুমোদনের ওপর নির্ভরশীল।
সংগঠনটির কার্যনির্বাহী পরিষদের প্রত্যাশা, অর্জিত অগ্রগতির ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতে নিবন্ধন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, পেশাগত মর্যাদা বৃদ্ধি এবং সাধারণ মানুষের জন্য আধুনিক, স্বচ্ছ ও হয়রানিমুক্ত নিবন্ধন সেবা নিশ্চিত করা সম্ভব হবে।
ডিএস./






















